চলতি বছরের মধ্যেই নতুন পে-স্কেল বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী

সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর দিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানিয়েছেন, চলতি বছরের মধ্যেই নতুন পে-স্কেল বাস্তবায়ন করবে সরকার। এ বিষয়ে খুব দ্রুতই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

আজ সোমবার (১৭ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ে পে কমিশন নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

পে কমিশনের অগ্রগতির বিষয়ে অর্থমন্ত্রী বলেন, পে-কমিশনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনেকগুলো দিক জড়িত রয়েছে। আমরা সবকটি দিকই অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করছি। আজ এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তবে বিষয়টি চূড়ান্ত করতে অধিকতর আলোচনার প্রয়োজন রয়েছে, যার জন্য আমরা পরবর্তীতে আবারও বৈঠকে বসবো।

পরবর্তীতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আমির খসরু স্পষ্ট করে বলেন, চলতি বছরের মধ্যেই নতুন পে-স্কেল কার্যকর করা হবে। তবে নতুন পে-স্কেল বাস্তবায়নের পর দেশের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার কী ধরনের পদক্ষেপ বা পদ্ধতি অবলম্বন করবে, তা আনুষ্ঠানিক ঘোষণার সময়ই জানানো হবে।