খেলাপি ঋণ আদায়ে নতুন আইন আনছে সরকার

দেশের ব্যাংক খাতের অন্যতম প্রধান সংকট ‘পাহাড় সমান’ খেলাপি ঋণ থেকে অর্থনীতিকে মুক্ত করতে বড় ধরনের উদ্যোগ নিয়েছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ খেলাপি ঋণ কেনা, আদায় করা এবং প্রয়োজনে জামানত বিক্রির সুযোগ রেখে নতুন আইন প্রণয়নের কাজ শুরু করেছে। ‘সংকটাপন্ন সম্পদ ব্যবস্থাপনা আইন’ বা ডামা আইনের খসড়া ইতিমধ্যে সবার মতামতের জন্য উন্মুক্ত করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের ‘আর্থিক স্থিতিশীলতা প্রতিবেদন, ২০২৫’ অনুযায়ী, গত বছরের ডিসেম্বর শেষে খেলাপি, অবলোপন করা, পুনঃ তফসিল করা এবং আদালতের স্থগিতাদেশে থাকা ঋণ মিলিয়ে সংকটাপন্ন ঋণের পরিমাণ প্রায় ১০ লাখ ৯১ হাজার কোটি টাকায় দাঁড়িয়েছে, যা মোট বিতরণ করা ঋণের প্রায় ৬০ শতাংশ। দীর্ঘদিনের আইনি জটিলতা, মামলা ও দুর্বল পুনরুদ্ধার ব্যবস্থার কারণে এই বিপুল পরিমাণ অর্থ আটকে আছে, যা ব্যাংকগুলোর নতুন ঋণ দেওয়ার সক্ষমতা কমিয়ে দিচ্ছে।

প্রস্তাবিত এই আইনের আওতায় বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে একটি সংকটাপন্ন সম্পদ ব্যবস্থাপনা ইউনিট গঠিত হবে। এই ইউনিটটি প্রশাসনিকভাবে কেন্দ্রীয় ব্যাংকের অধীনে থাকলেও আইনি প্রয়োগের ক্ষেত্রে স্বাধীনভাবে কাজ করবে। এর অধীনে বেসরকারি পর্যায়ে সংকটাপন্ন সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি ও ঋণ সেবাদাতা কোম্পানি কাজ করবে। কোম্পানিগুলো শুধু খেলাপি ঋণ কিনবে না, বরং ঋণ পুনর্গঠন, ব্যবসা পুনর্বিন্যাস, নতুন বিনিয়োগকারী আনা বা ঋণ শেয়ারে রূপান্তরের মতো পদক্ষেপও নিতে পারবে।

নতুন আইনে কোম্পানিগুলোর জন্য কঠোর শর্ত রাখা হয়েছে। কোম্পানিগুলোকে কোম্পানি আইন অনুযায়ী নিবন্ধিত হতে হবে, নির্ধারিত মূলধন থাকতে হবে এবং পরিচালক ও প্রধান নির্বাহীদের ব্যাংকিং, অর্থনীতি, আইন বা সম্পদ পুনরুদ্ধারে অভিজ্ঞ হতে হবে। এছাড়া পরিচালনা পর্ষদের অন্তত ২০ শতাংশ সদস্যকে স্বাধীন পরিচালক রাখার প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি সিকিউরিটাইজেশনের মাধ্যমে বন্ড বা আর্থিক সিকিউরিটি ইস্যু করে অর্থ সংগ্রহের সুযোগও রাখা হয়েছে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক জানিয়েছেন, ডামা আইনের খসড়ার ওপর সংশ্লিষ্টদের মতামত প্রত্যাশা করছেন তারা।

ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তারেক রেফাত উল্লাহ খান এই উদ্যোগকে কার্যকর করতে বাজারভিত্তিক মূল্য নির্ধারণ, আইনি জটিলতা দূরীকরণ এবং জামানত স্থানান্তরের ক্ষেত্রে সুস্পষ্ট সুরক্ষা নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন। অন্যদিকে, ২০০৪ থেকে ২০১০ সাল পর্যন্ত সময়ে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক থাকার সময়ের কথা স্মরণ করে অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ গতকাল মঙ্গলবার বলেন, সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি আগেও দুই–তিনটা ছিল। তারা খেলাপি গ্রাহকদের সামনে গিয়ে কখনো ঢোল পেটাত, কখনো বা তাঁদের কাছে তৃতীয় লিঙ্গের মানুষ পাঠাত। তিনি আশা প্রকাশ করেন যে, অতীতের মতো আইনি ফাঁকফোকর এবার থাকবে না।

বিশ্লেষকদের মতে, এই আইনটি কার্যকরভাবে বাস্তবায়িত হলে খেলাপি ঋণের জন্য একটি বিশেষায়িত বাজার গড়ে উঠবে, যা ব্যাংকের স্থিতিপত্র পরিষ্কার করার পাশাপাশি আর্থিক ব্যবস্থাপনার ওপর চাপ কমাবে।