বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্যে পৌঁছাতে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বুধবার শিল্প মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। মন্ত্রী জানান, মার্কিন কোম্পানিগুলো বাংলাদেশের অর্থনীতির সহযাত্রী হতে আগ্রহী।
বৈঠকে বাংলাদেশে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে মার্কিন কোম্পানিগুলোর সম্মুখীন হওয়া বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া আগামী দিনের ট্রেড পলিসি, এক্সপোর্ট পলিসি, ডিজিটাল ইকোনমি ও ই-কমার্সসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিনিময় করা হয়। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পৌঁছাতে বাংলাদেশ কোন কোন খাতে অগ্রাধিকার দেবে, তাও আলোচনায় উঠে আসে।
শিল্পমন্ত্রী জানান, পাট, চামড়া, জাহাজ নির্মাণ ও জাহাজ রিসাইক্লিং খাতে রপ্তানি সক্ষমতা বাড়াতে সরকার বিশেষ পদক্ষেপ নিচ্ছে। এসব খাতকে মাল্টি-বিলিয়ন ডলারের রপ্তানি খাতে রূপান্তরের লক্ষ্যে নেওয়া কার্যক্রম আগামী মাসে ঘোষণা করা হবে। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়েও মার্কিন প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে এবং এ বিষয়ে দ্রুত আলোচনা শুরু হবে।
বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি ও ব্যবসায়িক প্রক্রিয়া সহজীকরণে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানান, জ্বালানির সহজলভ্যতা নিশ্চিত করা, ব্যবসাবান্ধব নীতি গ্রহণ এবং ব্যাংকিং খাতে উদারীকরণের কাজ চলছে। এর ফলে আইটি কোম্পানি ও ফ্রিল্যান্সারদের ডিজিটাল পেমেন্ট গেটওয়ে ব্যবহারের সুযোগ আরও সহজ হবে।
ট্রেড লাইসেন্স প্রাপ্তির জটিলতা নিরসনে একটি কেন্দ্রীয় পোর্টাল তৈরির কাজ চলছে বলে মন্ত্রী জানান। এর মাধ্যমে দেশের যেকোনো স্থান থেকে অনলাইনে আবেদন, ফি জমা এবং লাইসেন্স ডাউনলোড করা সম্ভব হবে। এছাড়া বিভিন্ন লাইসেন্স ও পারমিটের ক্ষেত্রে অপ্রয়োজনীয় ওভারল্যাপিং চিহ্নিত করে তা দূর করার প্রক্রিয়া চলছে। ‘এজ অব ডুয়িং বিজনেসে’ পিছিয়ে থাকা অবস্থার উন্নতি ঘটাতে সরকার অনুমোদন ও সেবাকে ডিজিটাল করার ওপর জোর দিচ্ছে।
উল্লেখ্য, এদিনের বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৩৩ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন তাদের এ্যাডভাইজার নিশা বিসওয়াল। এসময় শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসেরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আজ বুধবার (১২ আগস্ট) শিল্প মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন শিল্পমন্ত্রী।

