মেটলাইফের নতুন স্বাস্থ্যবীমায় সুরক্ষা ও সঞ্চয়ের সুবিধা

গ্রাহকদের বড় ধরনের অসুস্থতার ক্ষেত্রে স্বাস্থ্য সুরক্ষার নিশ্চয়তা এবং ভবিষ্যতের চিকিৎসা ব্যয়ের জন্য সঞ্চয়ের সুবিধা দিতে নতুন একটি স্বাস্থ্যবীমা পণ্য চালু করেছে মেটলাইফ বাংলাদেশ। ‘মেটলাইফ হেলথ সেভিংস প্ল্যান’ (এমএইচএসপি) নামের এই নতুন বীমা সেবার মাধ্যমে গ্রাহকেরা একই সঙ্গে স্বাস্থ্য সুরক্ষা, স্বাস্থ্যসেবা-কেন্দ্রিক সঞ্চয় এবং চিকিৎসা ব্যয় মেটানোর সুবিধা পাবেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

মেটলাইফ বাংলাদেশের মতে, দেশে স্বাস্থ্যসেবার ক্রমবর্ধমান ব্যয় পরিবারগুলোর জন্য বড় ধরনের আর্থিক চাপের কারণ হয়ে দাঁড়িয়েছে। এছাড়া, বাংলাদেশে বীমা সুরক্ষার আওতায় থাকা মানুষের সংখ্যাও তুলনামূলকভাবে কম। এই বাস্তবতাকে মাথায় রেখেই নতুন এই পণ্যটি তৈরি করা হয়েছে, যাতে গ্রাহকেরা ভবিষ্যতের চিকিৎসা ব্যয়ের জন্য আলাদা তহবিল গড়ে তোলার পাশাপাশি গুরুতর অসুস্থতার বিপরীতে আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে পারেন।

নতুন এই বীমা পরিকল্পনায় ক্যানসার, হৃদরোগ, স্ট্রোক, কিডনি বিকল হওয়া এবং গুরুত্বপূর্ণ অঙ্গ প্রতিস্থাপনসহ বিভিন্ন গুরুতর অসুস্থতার বিপরীতে সুরক্ষা দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। কোন কোন রোগ ও পরিস্থিতি এই সুবিধার আওতায় থাকবে, তা বীমার শর্তাবলিতে বিস্তারিতভাবে নির্ধারিত থাকবে।

এই স্বাস্থ্যবীমার একটি অন্যতম বিশেষ বৈশিষ্ট্য হলো ‘মেটলাইফ হেলথ ওয়ালেট’। বীমার মেয়াদজুড়ে নির্দিষ্ট পরিমাণ অর্থ এই ওয়ালেটে জমা হবে, যা গ্রাহকেরা স্বাস্থ্যসেবা-সংক্রান্ত ব্যয় মেটাতে ব্যবহার করতে পারবেন। এই সুবিধা পাওয়ার জন্য গ্রাহকদের একটি বিশেষ স্বাস্থ্য কার্ড দেওয়া হবে, যা দিয়ে চিকিৎসা ব্যয় মেটানোর পাশাপাশি নির্ধারিত চিকিৎসাকেন্দ্রে বিশেষ ছাড় ও অন্যান্য সুবিধা পাওয়ার সুযোগ থাকবে।

মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমাদ বলেন, স্বাস্থ্যসেবার খরচ মেটানো বর্তমানে প্রতিটি পরিবারের জন্যই একটি বড় চিন্তার বিষয়। এই ব্যয়ের জন্য আগে থেকেই প্রস্তুতি নেওয়ার লক্ষ্যেই ‘এমএইচএসপি’ আনা হয়েছে। তিনি আরও বলেন, এই সেবার মূল বৈশিষ্ট্য হলো এক বীমাতেই স্বাস্থ্য সুরক্ষা, সঞ্চয় এবং চিকিৎসা তহবিলের সুবিধা সব একসঙ্গে পাওয়া যাবে, যা গ্রাহকদের আর্থিক আত্মবিশ্বাস ও মানসিক শান্তি প্রদান করবে।

বর্তমানে মেটলাইফ বাংলাদেশ সারা দেশে ১০ লাখেরও বেশি ব্যক্তিগত গ্রাহক এবং ৯০০-এর বেশি করপোরেট গ্রাহককে সেবা দিচ্ছে। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথমার্ধে তারা ১ হাজার ৩৮৪ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করেছে, আর ২০২৫ সালে এই দাবির পরিমাণ ছিল ২ হাজার ৮৫৩ কোটি টাকা। মেটলাইফের দাবি অনুযায়ী, তাদের দাবি নিষ্পত্তির হার ৯৮ শতাংশের বেশি। আগ্রহী গ্রাহকেরা মেটলাইফের এজেন্টদের সঙ্গে যোগাযোগ করে অথবা তাদের ওয়েবসাইট থেকে এই বীমা সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন।