দেশের বাজারে সোনার গহনার দাম আরও কমলো

দেশের বাজারে আবারও সোনার গহনার দাম কমানো হয়েছে। স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমে যাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর করা হয়েছে।

বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকের পর কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম ৪ হাজার ৪৭৪ টাকা কমিয়ে ২ লাখ ৩৬ হাজার ২৫৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে ২৯ আগস্ট ভালো মানের এক ভরি সোনার গহনার দাম ৭ হাজার ১১৫ টাকা কমানো হয়েছিল। তারও আগে ২০, ২২ ও ২৫ আগস্ট তিন দফায় সোনার গহনার দাম ১০ হাজার ৯৬৪ টাকা বাড়ানো হয়েছিল। সব মিলিয়ে এখন দুই দফায় ভালো মানের সোনার গহনার দাম কমলো ১১ হাজার ৪৮৯ টাকা।

নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনা ৪ হাজার ১৪১ টাকা কমিয়ে ২ লাখ ২৫ হাজার ৬৪০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৬১৬ টাকা কমিয়ে ১ লাখ ৯৩ হাজার ৭৩৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনা ২ হাজার ৯১৬ টাকা কমিয়ে ১ লাখ ৫৮ হাজার ২৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৯ আগস্ট সকাল ১০টা থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ৭ হাজার ১১৫ টাকা কমিয়ে ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা, ২১ ক্যারেটের দাম ৬ হাজার ৮২৩ টাকা কমিয়ে ২ লাখ ২৯ হাজার ৭৮১ টাকা, ১৮ ক্যারেটের দাম ৫ হাজার ৮৩২ টাকা কমিয়ে ১ লাখ ৯৭ হাজার ৩৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির দাম ৪ হাজার ৭২৪ টাকা কমিয়ে ১ লাখ ৬১ হাজার ১৯৬ টাকা নির্ধারণ করা হয়েছিল। সকাল ৯টা ৫৯ মিনিট পর্যন্ত এই দামেই সোনার গহনা বিক্রি হয়েছে।

সোনার গহনার দাম কমানোর পাশাপাশি রুপার গহনার দামও কমানো হয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ১৭৫ টাকা কমিয়ে ৫ হাজার ১৩২ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ১১৭ টাকা কমিয়ে ৪ হাজার ৯৫৭ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ১১৭ টাকা কমিয়ে ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার গহনার দাম ১১৬ টাকা কমিয়ে ৩ হাজার ২০৮ টাকা নির্ধারণ করা হয়েছে।