দেশের বাজারে সোনার দাম ভরিতে কমল ২,১৫৮ টাকা

দেশের বাজারে সোনার গহনার দাম পুনর্নির্ধারণ করা হয়েছে। স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমে যাওয়ায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এই সিদ্ধান্ত নিয়েছে। নতুন এই দর শুক্রবার (১৪ আগস্ট) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকের পর কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা বিজ্ঞপ্তিতে দাম কমানোর বিষয়টি নিশ্চিত করা হয়। এর ঠিক ২৪ ঘণ্টা আগেই বৃহস্পতিবার ভালো মানের সোনার দাম ১ হাজার ৬৩৩ টাকা বাড়ানো হয়েছিল, যা শুক্রবার সকাল ৯টা ৫৯ মিনিট পর্যন্ত কার্যকর ছিল।

সর্বশেষ ঘোষণা অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ২ হাজার ১০০ টাকা কমিয়ে ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা করা হয়েছে।

এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ১ হাজার ৮০৮ টাকা কমিয়ে ১ লাখ ৯২ হাজার ৩৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকা নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৩ আগস্ট ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ১ হাজার ৬৩৩ টাকা বাড়িয়ে ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা, ২১ ক্যারেটের দাম ১ হাজার ৫৭৫ টাকা বাড়িয়ে ২ লাখ ২৬ হাজার ১৬৫ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ হাজার ৩৪২ টাকা বাড়িয়ে ১ লাখ ৯৪ হাজার ২০৬ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ হাজার ১০৮ টাকা বাড়িয়ে ১ লাখ ৫৮ হাজার ৬৩০ টাকা করা হয়েছিল। আজ সকাল ৯টা ৫৯ মিনিট পর্যন্ত এই দামেই সোনার গহনা বিক্রি হয়।