২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার নির্ধারণ করেছে সরকার। রোববার (২৬ জুলাই) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক সভায় এই লক্ষ্যমাত্রা চূড়ান্ত করা হয়। সভা শেষে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সাংবাদিকদের এ তথ্য জানান।
বাণিজ্যমন্ত্রী জানান, নির্ধারিত এই লক্ষ্যমাত্রার মধ্যে পণ্য রপ্তানি থেকে ৫৫ দশমিক ২০ বিলিয়ন ডলার এবং সেবা খাত থেকে ৮ দশমিক ২০ বিলিয়ন ডলার আয়ের পরিকল্পনা করা হয়েছে। দেশের মোট রপ্তানির প্রায় ৮৫ শতাংশই তৈরি পোশাক শিল্পের ওপর নির্ভরশীল হওয়ায় সরকার রপ্তানি বহুমুখীকরণের ওপর জোর দিচ্ছে। এর অংশ হিসেবে চামড়া ও চামড়াজাত পণ্য, তথ্যপ্রযুক্তি (আইটি) এবং জাহাজ নির্মাণ শিল্পকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হচ্ছে এবং এসব খাতের প্রসারে শিগগিরই সুনির্দিষ্ট পদক্ষেপ ঘোষণা করা হবে।
বাণিজ্যিক কূটনীতির বিষয়ে মন্ত্রী জানান, আগামী কয়েক দিনের মধ্যেই দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া চলতি বছরের ডিসেম্বরের মধ্যে আরও চার থেকে পাঁচটি দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য আলোচনা শেষ হতে পারে এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গেও আলোচনা শুরুর প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বর্তমানে বাংলাদেশের জন্য ১০ শতাংশ শুল্ক বহাল রয়েছে। যদিও এর নাম পরিবর্তন করা হয়েছে, তবে শুল্কের হার অপরিবর্তিত থাকায় বাংলাদেশের রপ্তানিতে তাৎক্ষণিকভাবে বড় কোনো প্রভাব পড়ার সম্ভাবনা নেই। এছাড়া ব্যবসা-বাণিজ্যের প্রসারে স্থিতিশীল পরিবেশ বজায় রাখা এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রতিবন্ধকতা দূর করে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে সরকার নিরলস কাজ করে যাচ্ছে বলেও মন্ত্রী উল্লেখ করেন।

