চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব পেয়েছে দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড। সরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) ভিত্তিতে টার্মিনালটির আধুনিকায়ন ও ব্যবস্থাপনার জন্য বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে ইনভেস্ট বাংলাদেশের কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান, ডিপি ওয়ার্ল্ডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এসা কাজিম, বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হুমুদি এবং ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী উপস্থিত ছিলেন। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পক্ষে চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মো. মনিরুজ্জামান এবং ডিপি ওয়ার্ল্ডের পক্ষে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এসা কাজিম চুক্তিতে স্বাক্ষর করেন।
নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম জানান, ১৫ বছর মেয়াদী এই চুক্তির আওতায় টার্মিনালের জমি, অবকাঠামো, মালিকানা ও নিয়ন্ত্রণ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছেই সংরক্ষিত থাকবে। ডিপি ওয়ার্ল্ড চুক্তির শুরুতে প্রায় ৬০০ কোটি টাকার অগ্রিম ফি প্রদান করবে এবং প্রথম ১০ বছরে আধুনিকায়ন, যন্ত্রপাতি ও প্রযুক্তিতে ১ হাজার কোটি টাকার বেশি বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। এছাড়া, চুক্তির লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হলে আর্থিক জরিমানার বিধান রাখা হয়েছে।
রাজস্ব ভাগাভাগির বিষয়ে মন্ত্রী জানান, ডিপি ওয়ার্ল্ড প্রতি টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং থেকে আয়ের ৬৭ শতাংশ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে প্রদান করবে। গড়ে প্রতি কনটেইনারে ১৪০ থেকে ১৫০ ডলার আয় হলে বন্দরের অংশ ৯৩ থেকে ১০৩ ডলার হওয়ার কথা রয়েছে।
ডিপি ওয়ার্ল্ডের নির্বাহী চেয়ারম্যান এসা কাজিম বলেন, এই অংশীদারির মাধ্যমে নিউমুরিং কনটেইনার টার্মিনালকে ডিপি ওয়ার্ল্ডের বৈশ্বিক সরবরাহব্যবস্থার সঙ্গে যুক্ত করা হবে, যা বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যিক সংযোগ আরও সহজতর করবে।
ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ জানায়, ২০০৭ সালে কার্যক্রম শুরু করা এনসিটি বর্তমানে চট্টগ্রাম বন্দরের মোট কনটেইনার হ্যান্ডলিংয়ের প্রায় ৪৪ শতাংশ সম্পন্ন করে। বর্তমানে টার্মিনালটির ব্যবস্থাপনায় রয়েছে বাংলাদেশ নৌবাহিনীর সংস্থা চিটাগং ড্রাই ডক লিমিটেড, যারা ২০২৫ সালের জুলাই থেকে এই দায়িত্ব পালন করছে।

