প্রাইমারি টেক্সটাইল শিল্প রক্ষায় নীতিসহায়তা ও গ্যাস সুবিধা চায় বিটিএমএ

দেশের প্রাইমারি টেক্সটাইল ও রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের টেকসই উন্নয়ন, উৎপাদন এবং রপ্তানি সক্ষমতা সুরক্ষায় সরকারের কাছে প্রয়োজনীয় নীতিগত সহায়তা চেয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)। সোমবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেলের নেতৃত্বে ২৩ সদস্যের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎকালে এই দাবিগুলো তুলে ধরেন।

সাক্ষাৎকালে বিটিএমএ সভাপতি শিল্পের বর্তমান পরিস্থিতি ও চ্যালেঞ্জগুলো রাষ্ট্রপতির সামনে উপস্থাপন করেন। তিনি জানান, সাম্প্রতিক সময়ে টেক্সটাইল ও স্পিনিং শিল্পে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি হয়েছে, যা উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখছে। শিল্পের উৎপাদন, কর্মসংস্থান ও রপ্তানি সক্ষমতা সুরক্ষায় সরকার যে উদ্যোগ নিয়েছে তার জন্য বিটিএমএ কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং এই ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানিয়েছে। পাশাপাশি শিল্পখাতে গ্যাসের চাপ বাড়ানো ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার ওপর জোর দেয় সংগঠনটি।

জাতীয় অর্থনীতি, কর্মসংস্থান ও এলডিসি-উত্তরণ-পরবর্তী রপ্তানি সক্ষমতা রক্ষার লক্ষ্যে বিটিএমএর পক্ষ থেকে রাষ্ট্রপতির কাছে পাঁচটি সুনির্দিষ্ট প্রস্তাব পেশ করা হয়েছে। এর মধ্যে রয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের ৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখের আদেশ অনুযায়ী ১০-৩০ কাউন্ট কটন সুতা আমদানির ক্ষেত্রে বন্ড সুবিধা প্রত্যাহার এবং ব্যাংক গ্যারান্টির মাধ্যমে সুতা আমদানির সুযোগ বহাল রাখা। বিটিএমএ জানিয়েছে, এই সিদ্ধান্ত কার্যকর থাকলে স্থানীয়ভাবে উৎপাদনযোগ্য সুতা আমদানির পরিমাণ কমবে এবং ২০২৪-২০২৫ অর্থবছরে প্রায় ৩০ হাজার কোটি টাকা সমমূল্যের বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে।

প্রস্তাবগুলোর মধ্যে আরও রয়েছে— নন-বন্ডেড শিল্পের কাঁচামাল আমদানিতে ৩০ শতাংশ স্থানীয় মূল্য সংযোজনের শর্ত পুনর্বহাল এবং সব রপ্তানির ক্ষেত্রে ন্যূনতম ৪০ শতাংশ মূল্য সংযোজন নিশ্চিত করা। এছাড়া বিটিএমএ প্রতিযোগী দেশগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে শুল্ক, কর, জ্বালানি ও অর্থায়নসহ একটি সমন্বিত 'টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল কম্পিটিটিভনেস পলিসি' প্রণয়নের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে বন্ড সুবিধার অপব্যবহার রোধে কার্যকর নজরদারি ও আইনানুগ ব্যবস্থা জোরদারের সুপারিশ করেছে সংগঠনটি।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিটিএমএ নেতাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং প্রাইমারি টেক্সটাইল শিল্পের চ্যালেঞ্জগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেবেন বলে জানিয়েছেন। সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, জন বিভাগের সচিব, প্রেস সচিব এবং বিটিএমএর সাবেক সভাপতি আব্দুল হাই সরকারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে— জাতীয় রাজস্ব বোর্ডের আদেশ নং-৫১/২০২৬/কাস্টমস/৫১৯, তারিখ ৭ সেপ্টেম্বর ২০২৬ অনুযায়ী এইচএস হেডিং ৫২০৫, ৫২০৬ ও ৫২০৭-এর আওতাধীন ১০–৩০ কাউন্ট কটন সুতা আমদানির ক্ষেত্রে বন্ড সুবিধা প্রত্যাহার এবং প্রকৃত রপ্তানিকারকদের ব্যাংক গ্যারান্টির মাধ্যমে সুতা আমদানির সুযোগ দেওয়ার সিদ্ধান্ত বহাল রাখা।

এ সিদ্ধান্ত বহাল থাকলে স্থানীয়ভাবে উৎপাদনযোগ্য কটন সুতা আমদানির পরিমাণ কমবে এবং ২০২৪–২০২৫ অর্থবছরে আমদানিকৃত প্রায় ৩০ হাজার কোটি টাকা মূল্যের সুতার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় করা সম্ভব হবে বলে বিটিএমএ জানিয়েছে।