বিদেশে উচ্চশিক্ষার জন্য টিউশন ফি ও অন্যান্য শিক্ষা-সংক্রান্ত ব্যয় পরিশোধের প্রক্রিয়া সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে আন্তর্জাতিক ডেবিট, ক্রেডিট বা প্রিপেইড কার্ড ব্যবহার করে বিদেশি বিশ্ববিদ্যালয় ও অনলাইন ভর্তি প্ল্যাটফর্মে সরাসরি ফি পরিশোধ করতে পারবেন বাংলাদেশি শিক্ষার্থীরা। সোমবার (১০ আগস্ট) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক জানায়, বিদেশি বিশ্ববিদ্যালয় ও অনলাইন ভর্তি প্ল্যাটফর্মে আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে টিউশন ফি ও আনুষঙ্গিক ব্যয় পরিশোধের চাহিদা বাড়ছে। এ বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষার্থীদের শিক্ষা ব্যয় মেটাতে আন্তর্জাতিক কার্ড ইস্যুর অনুমতি দেওয়া হয়েছে।
নতুন সিদ্ধান্তের ফলে শিক্ষা-সংক্রান্ত এসব লেনদেন ব্যাংকের প্রচলিত বার্ষিক ব্যক্তিগত ভ্রমণ কোটা বা অন্যান্য বৈদেশিক মুদ্রা সুবিধার সীমার বাইরে থাকবে। অর্থাৎ বিদেশে পড়াশোনার জন্য কার্ডে পরিশোধ করা অর্থ সাধারণ ভ্রমণ কোটায় প্রভাব ফেলবে না।
নির্দেশনা অনুযায়ী, কার্ড শিক্ষার্থীর নামে অথবা তার শিক্ষার ব্যয় বহনকারী অভিভাবক বা অন্য ব্যক্তির নামে ইস্যু করা যাবে। তবে কার্ড দিয়ে নির্ধারিত সময়ের মধ্যে শুধু অনুমোদিত শিক্ষা-সংক্রান্ত ব্যয় পরিশোধ করা হচ্ছে কি না, তা নিশ্চিত করতে হবে সংশ্লিষ্ট ব্যাংককে। এ ছাড়া প্রতিটি লেনদেনের যথাযথ রেকর্ড সংরক্ষণ এবং নির্ধারিত পারপাস কোড ব্যবহার করে বাংলাদেশ ব্যাংকে নিয়মিত তথ্য ও প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

