ইউরোপের পোশাক ও টেক্সটাইল খাতের অন্যতম বড় আন্তর্জাতিক প্রদর্শনী ‘টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং প্যারিস-২০২৬’ শুরু হয়েছে। প্যারিসের লে বুর্জে প্রদর্শনী কেন্দ্রে তিন দিনব্যাপী এই আয়োজন গতকাল শুরু হয়েছে, যা চলবে আগামী ২ সেপ্টেম্বর পর্যন্ত। মেলায় বাংলাদেশের ১২টি পোশাক ও টেক্সটাইল প্রতিষ্ঠান অংশ নিয়েছে।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহায়তা এবং প্যারিসে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের ব্যবস্থাপনায় এই ১২টি প্রতিষ্ঠানের ২৪ জন প্রতিনিধি মেলায় যোগ দিয়েছেন। এছাড়া ইপিবি’র ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফের নেতৃত্বে একটি ব্যবসায়ী প্রতিনিধিদলও মেলায় উপস্থিত রয়েছে।
মেলার প্রথম দিনে বাংলাদেশের প্যাভিলিয়ন উদ্বোধন করেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা। এ সময় ইপিবি’র ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ ছাড়াও বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা, ফ্রান্সের সরকারি-বেসরকারি খাতের প্রতিনিধি এবং বাংলাদেশের ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং প্যারিস বিশ্বজুড়ে পোশাক প্রস্তুতকারক, টেক্সটাইল সরবরাহকারী, ডিজাইনার এবং খুচরা বিক্রেতাদের সংযোগ ঘটানোর একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত। এই প্রদর্শনীতে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো তাদের পণ্যের গুণগত মান, উৎপাদন সক্ষমতা এবং প্রতিযোগিতামূলক দক্ষতা বিশ্ববাজারে তুলে ধরার সুযোগ পাচ্ছে। এর মাধ্যমে ফ্রান্সসহ ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্য রয়েছে।
মেলা চলাকালীন ইপিবি’র ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ বেশ কিছু গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এর মধ্যে রয়েছে মেসে ফ্রাঙ্কফুর্টের প্রধান নির্বাহী, ফ্রান্সের পোশাক ব্র্যান্ড সেলিওর প্রেসিডেন্ট, ইউরোপীয় অ্যান্টি-ফ্রড অফিসের প্রতিনিধি, রেসপনসিবল বিজনেস কনডাক্ট সেন্টারের প্রতিনিধি, ব্যুরো ইন্টারন্যাশনাল দে এক্সপোজিশনসের মহাসচিব এবং ওইসিডি’র সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা। এছাড়া তিনি প্রিমিয়ের ভিশন প্যারিস মেলাও পরিদর্শন করবেন।
মেলায় অংশগ্রহণকারী বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো হলো: কমোডা গার্মেন্টস, স্কাইলার্ক নিট কম্পোজিট লিমিটেড, নরবান কমপটেক্স লিমিটেড, ওয়ার্পটেক্স বাংলাদেশ, বিএনএম গার্মেন্টস লিমিটেড, ফেবিট্যাক্স ইন্ডাস্ট্রিজ, ইউনাইটেড ক্রিয়েশন, ফেব্রিকা নিট কম্পোজিট, ডুকাতি অ্যাপারেলস লিমিটেড, কোরাস ফ্যাশন লিমিটেড, বেঙ্গল গ্লোরি লিমিটেড ও সিয়াম ফেব্রিক্স লিমিটেড।
মেলার দ্বিতীয় দিন আজ ১ সেপ্টেম্বর তিনি ফ্রান্সের প্রসিদ্ধ পোশাক ব্র্যান্ড সেলিওর প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।
এরপর ৩ সেপ্টেম্বর তিনি ব্যুরো ইন্টারন্যাশনাল দে এক্সপোজিশনসের মহাসচিব এবং অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (ওইসিডি) রেসপনসিবল বিজনেস কনডাক্ট সেন্টারের প্রধানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য সম্প্রসারণ নিয়ে পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

