প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ২২: ৫৬। দেশের ব্যাংকিং খাতে ক্রমবর্ধমান খেলাপি ঋণ ও দুর্দশাগ্রস্ত সম্পদের চাপ মোকাবিলায় সরকার ও কেন্দ্রীয় ব্যাংক যৌথভাবে উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান গত ৩১ আগস্ট অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর কাছে একটি ডিও চিঠি পাঠিয়েছেন। চিঠিতে তিনি ‘ডিস্ট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট অ্যাক্ট, ২০২৬’ নামে নতুন একটি আইন প্রণয়ন এবং ‘অর্থঋণ আদালত আইন, ২০০৩’ সংশোধনের জন্য জাতীয় সংসদে দ্রুত প্রস্তাব উত্থাপনের অনুরোধ জানিয়েছেন।
গভর্নর চিঠিতে উল্লেখ করেন যে, দায়িত্ব গ্রহণের পর থেকে অর্থনীতিতে স্থিতিশীলতা ফেরাতে শিল্পপ্রতিষ্ঠান পুনরুজ্জীবিত করা, ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠা, ডিজিটাল আর্থিক সেবা সম্প্রসারণ এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করার মতো বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে আর্থিক স্থিতিশীলতার পথে বড় বাধা হিসেবে খেলাপি ঋণ ও দুর্দশাগ্রস্ত সম্পদের উচ্চ হারকে চিহ্নিত করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, ২০২৫ সালে দেশের ব্যাংক খাতে দুর্দশাগ্রস্ত সম্পদের পরিমাণ প্রায় ১১ লাখ কোটি টাকায় পৌঁছেছে, যা মোট ঋণের প্রায় ৬০ শতাংশ।
খেলাপি ঋণ আদায়ের গতি বাড়াতে বাংলাদেশ ব্যাংক ‘অর্থঋণ আদালত আইন, ২০০৩’-এ পাঁচটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের প্রস্তাব করেছে। এর মধ্যে রয়েছে হাইকোর্টের মর্যাদাসম্পন্ন আপিল ট্রাইব্যুনাল গঠন, নিলামে তোলা সম্পদের সংরক্ষিত মূল্য নির্ধারণ, আদালতের আদেশ বাস্তবায়নের জন্য পৃথক রিকভারি অফিসার নিয়োগ, মামলা নিষ্পত্তির সময়সীমা হ্রাস এবং আপিল করার ক্ষেত্রে জমাকৃত অর্থের পরিমাণ বৃদ্ধি। কেন্দ্রীয় ব্যাংকের প্রত্যাশা, এসব আইনি সংশোধন বাস্তবায়িত হলে ঋণসংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তি করা সম্ভব হবে।
অন্যদিকে, ব্যাংকের ব্যালান্সশিট থেকে খেলাপি ঋণ আলাদা করে ব্যবস্থাপনার লক্ষ্যে ‘ডিস্ট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট অ্যাক্ট, ২০২৬’-এর খসড়া প্রস্তুত করা হয়েছে। প্রস্তাবিত এই আইনের আওতায় লাইসেন্সপ্রাপ্ত ডিস্ট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি (ডিএএমসি) গঠিত হবে, যারা ব্যাংক থেকে দুর্দশাগ্রস্ত ঋণ কিনে নিয়ে ট্রাস্টের মাধ্যমে পরিচালনা করবে। কোম্পানিগুলোকে জামানত বাস্তবায়ন, ঋণ পুনর্গঠন এবং প্রয়োজনে খেলাপি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে নেওয়ার ক্ষমতা দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে। তবে এ ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ৬০ দিনের নোটিশ দেওয়ার বাধ্যবাধকতা রাখা হয়েছে। এই পুরো কাঠামো তদারকির জন্য ‘ডিস্ট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট ইউনিট’ (ডিএএমইউ) গঠনের পরিকল্পনাও রয়েছে।
গভর্নর জানিয়েছেন, আইন দুটির খসড়া ইতোমধ্যেই অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠানো হয়েছে। এখন দ্রুত প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তা সংসদে উত্থাপনের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।

