নতুন পরিচয়ে যাত্রা শুরু এয়ারটেলের, নাম হলো ‘সার্কেল’

১৬ বছর ধরে বাংলাদেশে সেবা প্রদানের পর মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে যাত্রা শুরু করেছে। এখন থেকে অপারেটরটি ‘সার্কেল’ নামে পরিচিত হবে। সোমবার (১৭ আগস্ট) ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আনুষ্ঠানিকভাবে নতুন এই ব্র্যান্ডটি উন্মোচন করেছে রবি আজিয়াটা পিএলসি।

রবি জানিয়েছে, এয়ারটেলের ১৬ বছরের পথচলার ধারাবাহিকতায় এই পরিবর্তন আনা হয়েছে। তবে নাম পরিবর্তন হলেও গ্রাহকদের সেবার মান বা অপারেটরের সঙ্গে তাদের সম্পর্কে কোনো পরিবর্তন আসবে না। এয়ারটেলের সকল গ্রাহক স্বয়ংক্রিয়ভাবে সার্কেলের গ্রাহক হিসেবে গণ্য হবেন। তাদের ব্যবহৃত ০১৬ সিরিজের নম্বর, বর্তমান প্যাকেজ, ব্যালান্স এবং অন্যান্য ডিজিটাল সেবা আগের মতোই বহাল থাকবে। এজন্য গ্রাহকদের নতুন করে কোনো প্রক্রিয়া সম্পন্ন করতে হবে না।

মোবাইল সেবার পাশাপাশি এমএফএস অ্যাকাউন্ট, ওয়ালেট এবং লেনদেনের তথ্যও আগের মতোই নিরাপদ ও সচল থাকবে বলে নিশ্চিত করেছে রবি। তরুণ প্রজন্মকে কেন্দ্র করে এয়ারটেলের যে পরিচয় গড়ে উঠেছিল, তাকে ভিত্তি করেই ‘সার্কেল’-কে আরও আধুনিক ও প্রযুক্তিভিত্তিক ব্র্যান্ড হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তাসহ আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে গ্রাহকদের সাশ্রয়ী ও ডিজিটাল সেবা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে নতুন এই ব্র্যান্ডটি।

উন্মোচন অনুষ্ঠানে রবি আজিয়াটা পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা বলেন, ১৬ বছর ধরে এয়ারটেল বাংলাদেশের তরুণদের সঙ্গে বেড়ে উঠেছে এবং সার্কেল সেই যাত্রারই পরবর্তী ধাপ। তিনি আরও জানান, ব্র্যান্ডের নাম বদলালেও গ্রাহকদের প্রতি মূল প্রতিশ্রুতি অপরিবর্তিত থাকবে। এখন শুধু গ্রাহক সংখ্যা বাড়ানো নয়, বরং সেই সংযোগকে আরও অর্থবহ করে তোলাই তাদের মূল লক্ষ্য। রবি জানিয়েছে, ব্র্যান্ড পরিবর্তনের এই প্রক্রিয়ায় গ্রাহকরা নিরবচ্ছিন্ন সেবা পাবেন এবং নতুন পরিচয়ে সার্কেল বাংলাদেশের ডিজিটাল প্রজন্মের চাহিদা পূরণে উদ্ভাবনে বিনিয়োগ অব্যাহত রাখবে।