আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নে প্রচারণায় সক্রিয় হয়ে উঠেছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন। স্থানীয় ভোটারদের কাছে নিজের উন্নয়ন পরিকল্পনা ও ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরতে তিনি নিয়মিত গণসংযোগ, লিফলেট বিতরণ ও মতবিনিময় সভা করছেন।
সোমবার বিকেলে ভেদুরিয়া ইউনিয়নের বারো তারিখ বাজার থেকে শুরু হয়ে শেরে বাংলা মার্কেট পর্যন্ত একটি গণসংযোগ ও শোডাউন অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন। এ সময় জাকির হোসেন সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন।
গণসংযোগকালে জাকির হোসেন বলেন, আমি দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়েই আমি নির্বাচনে অংশ নিতে চাই। তিনি আরও বলেন, দলীয় দুঃসময়ে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছি, তাই বিএনপি তাকে দলীয় মনোনয়ন দেবে বলে তিনি শতভাগ আশাবাদী।
নির্বাচিত হলে ভেদুরিয়া ইউনিয়নকে একটি সেবামুখী, স্বচ্ছ ও জবাবদিহিমূলক পরিষদ হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন জাকির হোসেন। তিনি জানান, ইউনিয়নকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, চুরি ও ডাকাতিমুক্ত করতে তার প্রশাসন কঠোর অবস্থান নেবে।
ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে সম্ভাব্য এই চেয়ারম্যান প্রার্থী বলেন, এলাকায় শিল্পকারখানা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে, যা স্থানীয় বেকার তরুণ-যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। এছাড়া অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন নিশ্চিত করে ভেদুরিয়াকে একটি আদর্শ ইউনিয়নে রূপান্তর করাই তার মূল লক্ষ্য।

