পত্নীতলায় ৯৪ কেজি ওজনের প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার করল বিজিবি

নওগাঁর পত্নীতলা উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে ৯৪ দশমিক ৭৫০ কেজি ওজনের একটি দুষ্প্রাপ্য কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৪ আগস্ট) পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় প্রত্নতত্ত্ব বিশেষজ্ঞরা জানিয়েছেন, এটি ১১ থেকে ১২ শতকের একটি অত্যন্ত উচ্চমানের ও মূল্যবান প্রত্নতাত্ত্বিক নিদর্শন।

বিজিবি সূত্রে জানা গেছে, গত সোমবার (৩ আগস্ট) রাতে ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. হাচানুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, খঞ্জনপুর বিওপির দায়িত্বপূর্ণ মরাডাঙ্গা এলাকায় বন বিভাগের একটি পুরাতন আকাশমনি বাগানে চোরাকারবারী চক্র মূর্তিটি কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে। এই সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক মো. হাচানুর রহমানের নেতৃত্বে আট সদস্যের একটি বিশেষ টহলদল রাত ৮টার দিকে সীমান্ত পিলার ২৫০/২-এস থেকে ২৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান পরিচালনা করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মূর্তিটি ফেলে রেখেই পালিয়ে যায়।

ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ৯৪ দশমিক ৭৫০ কেজি ওজনের মূর্তিটি উদ্ধারের পর স্থানীয় নজিপুর জুয়েলারি সমিতির অভিজ্ঞ কর্মকার দ্বারা সেটিকে প্রাথমিকভাবে কষ্টি পাথরের মূর্তি হিসেবে শনাক্ত করা হয়। পরবর্তীতে মঙ্গলবার প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পাহাড়পুর কার্যালয়ের প্রতিনিধিরা সরেজমিনে পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত করেন যে, এটি ১১-১২ শতকের একটি মূল্যবান প্রত্নতাত্ত্বিক নিদর্শন। পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) জানিয়েছে, নওগাঁ ও জয়পুরহাট সীমান্তবর্তী এলাকায় অবৈধ সীমান্ত পারাপার প্রতিরোধ, আইন-শৃঙ্খলা রক্ষা এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে তাদের এই ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।