গাজীপুরের শ্রীপুর উপজেলায় দুই শিশুর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে নিখোঁজ হওয়ার পর সন্ধ্যায় তাদের নিথর দেহ উদ্ধার করা হয়। নিহতরা হলো জুনাইদ ও ইউসুফ। ইউসুফ ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার এমদাদুল হকের ছেলে এবং সে স্থানীয় একটি কওমি মাদ্রাসার শিক্ষার্থী ছিল। সে তার পরিবারের সঙ্গে মুলাইদ এলাকার কাজল মিয়ার বাড়িতে ভাড়া থাকত এবং তার বাবা-মা স্থানীয় একটি পোশাক কারখানায় কর্মরত।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা ১১টার পর থেকেই শিশু দুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্য ও স্থানীয়রা সম্ভাব্য সব জায়গায় খোঁজ শুরু করেন। একপর্যায়ে জলাশয়ের পাশে আবুল হোসেনের আবাদি জমির উঁচু পাড়ে শিশু দুটির জুতা পড়ে থাকতে দেখেন তারা। এই সূত্র ধরে মাওনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে বিষয়টি জানানো হয়।
খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। স্থানীয়দের সহায়তায় সন্ধ্যা সোয়া ৬টার দিকে বদ্ধ জলাশয় থেকে শিশু দুটির মরদেহ উদ্ধার করা হয়। পরে পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ দুটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এলাকাবাসী ও স্থানীয় বিদ্যালয়ের পরিচালক মোহাম্মদ ইসমাইল হোসেন জানান, ওই এলাকায় অপরিকল্পিত শিল্পায়নের কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বছরের অধিকাংশ সময় ফসলি জমি পানির নিচে থাকে, যা জনজীবন ও কৃষির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই জলাবদ্ধতাই শিশু দুটির মৃত্যুর কারণ বলে ধারণা করছেন স্থানীয়রা। দ্রুত পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি এবং পরিবারের আবেদনের ভিত্তিতে মরদেহগুলো হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মুলাইদ গ্রামের ইলিমবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

