ময়মনসিংহের ত্রিশালে এসএসসি ও সমমানের পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের স্বীকৃতি জানাতে এক সংবর্ধনা ও সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে নজরুল অডিটরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
ত্রিশাল সরকারি নজরুল একাডেমী কলেজ এবং ত্রিশাল মহিলা ডিগ্রি কলেজের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে অংশগ্রহণ করেন।
ত্রিশাল সরকারি নজরুল কলেজের অধ্যক্ষ প্রফেসর এ বি এম মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসনাত জাহান খান এবং জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও ত্রিশাল মহিলা ডিগ্রি কলেজ পরিচালনা কমিটির সভাপতি মোস্তেকা আনোয়ার।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ত্রিশাল মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল বাশার। এছাড়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ত্রিশাল নজরুল বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম ও রামপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহমেদ। আয়োজকদের পক্ষ থেকে শিক্ষার্থীদের অর্জিত সাফল্যের স্বীকৃতি প্রদানের পাশাপাশি ভবিষ্যতে তাদের আরও ভালো ফলাফল অর্জনের জন্য উৎসাহিত করা হয়।

