তাহিরপুরে নৌকা নিয়ে যাওয়ার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় হাওর পথে বালুবাহী নৌকা নিয়ে যাওয়ার সময় বজ্রপাতে শিপু মিয়া (৩৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার মাটিয়ান হাওরের মাঝামাঝি এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত শিপু মিয়া উপজেলার বালিজুরী ইউনিয়নের নয়াহাটি গ্রামের আতাবুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিপু মিয়া বুধবার সারা রাত নিজের বাড়িতেই ছিলেন। পরে বৃহস্পতিবার ভোরে তিনি বালুবাহী নৌকাটি নিয়ে টেকেরঘাটের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে নৌকাটি মাটিয়ান হাওরের মাঝামাঝি এলাকায় পৌঁছালে হঠাৎ বজ্রপাতের শিকার হন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তাহিরপুর থানার সেকেন্ড অফিসার ইনচার্জ সাদেকুর রহমান বজ্রপাতে শিপু মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।