শিক্ষিকার ভিডিওতে অন্যায়ের কিছু দেখছেন না প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

সিলেটের ফেঞ্চুগঞ্জের পিটাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিউটি রাণী পালের একটি ফেসবুক রিলকে কেন্দ্র করে সৃষ্ট সাইবার বুলিং ও বিতর্কের ঘটনায় তাঁর পাশে দাঁড়িয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে সিলেটের জৈন্তাপুর উপজেলার মোকামপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, একজন মানুষ খোলা বাতাসে দাঁড়িয়ে গান শুনবেন, এতে আলোচনা বা সমালোচনার কী আছে? এতে কোনো অন্যায় বা অশ্লীলতা নেই। তিনি আরও উল্লেখ করেন যে, মূল আলোচনা সাংবাদিকরাই করছেন, সাধারণ জনগণ নয়। শিক্ষার্থীদের সুকুমার বৃত্তির বিকাশ ঘটাতে সরকার চতুর্থ ও পঞ্চম শ্রেণিতে গান, কবিতা, নাটক ও কেরাতসহ সংস্কৃতি চর্চাকে শিক্ষার অংশ হিসেবে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করছে বলেও তিনি জানান।

ঘটনার সূত্রপাত বিউটি রাণী পালের একটি ফেসবুক রিলকে ঘিরে, যেখানে তাঁকে শাড়ি পরে বিদ্যালয় প্রাঙ্গণে হাঁটতে দেখা যায় এবং আবহসঙ্গীত হিসেবে জনপ্রিয় গান ‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে’ বাজছিল। শিক্ষিকার অভিযোগ, ব্যক্তিগত শত্রুতা থেকে তাঁর ফেসবুক ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ না করায় ‘ফেঞ্চুগঞ্জ প্রতিদিন’ নামক একটি ফেসবুক পেইজ থেকে ‘আসিফ ইকবাল ইরন’ নামের এক প্রবাসীর আইডি ব্যবহার করে ভুল তথ্য ও নেতিবাচক ক্যাপশন দিয়ে ভিডিওটি প্রচার করা হয়েছে। এই ঘটনায় তিনি ফেঞ্চুগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এবং পুলিশ বিষয়টির তদন্ত করছে।

এদিকে, অনলাইন ট্রল ও কটূক্তির বিপরীতে বিউটি রাণী পালের সমর্থনে সারাদেশের প্রাথমিক শিক্ষকরা সোচ্চার হয়েছেন। শিক্ষকরা একই গান ব্যবহার করে নিজেদের ছবি ও ভিডিও পোস্ট করে প্রতিবাদ জানিয়েছেন। প্রথাগত প্রতিবাদের বাইরে গিয়ে অনলাইন বুলিংয়ের বিরুদ্ধে শিক্ষক সমাজের এই একাত্মতা বেশ প্রশংসিত হয়েছে। সহকর্মীদের এমন আকুণ্ঠ সমর্থনে কৃতজ্ঞতা জানিয়ে শিক্ষিকা বিউটি রাণী পাল শিক্ষক সুরক্ষা আইন প্রণয়নের জোর দাবি জানিয়েছেন।