শরনখোলায় মাদ্রাসা শিক্ষকের মারধরে শিক্ষার্থী হাসপাতালে

বাগেরহাটের শরনখোলা উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের শারীরিক নির্যাতনের শিকার হয়ে আজিজুল (৭) নামের এক শিক্ষার্থী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পড়া না পারার অজুহাতে দারুস সুন্নাহ মাদরাসার শিক্ষক মো. কামরুল ইসলাম শিশুটিকে বেত ও প্লাস্টিকের পাইপ দিয়ে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ করেছে তার পরিবার। এ ঘটনায় শুক্রবার (২৮ আগস্ট) সকালে শিশুটির পরিবারের পক্ষ থেকে শরনখোলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

আহত আজিজুল উপজেলার রায়েন্দা ইউনিয়নের পশ্চিম খাদা গ্রামের সুজন হাওলাদার ও মারুফা খাতুন দম্পতির সন্তান। তাকে হাফেজি পড়ার জন্য আবাসিক ছাত্র হিসেবে ওই মাদরাসায় ভর্তি করানো হয়েছিল। স্বজনদের ভাষ্যমতে, গত ২৫ আগস্ট বিকেলে পড়া না পারার অপরাধে শিক্ষক কামরুল ইসলাম তাকে বেত ও প্লাস্টিকের পাইপ দিয়ে মারধর করেন। এতে শিশুটির শরীরের বিভিন্ন স্থানে কালশিটে দাগ পড়ে যায় এবং ব্যথায় সে রাতে ঘুমাতেও পারছিল না।

শিশুটির মামাতো ভাই রাকিবুল আকন জানান, ঘটনার পর থেকে দুইদিন পার হলেও মাদরাসা কর্তৃপক্ষ শিশুটির শারীরিক অবস্থার কোনো খোঁজ নেয়নি। এমনকি তাকে চিকিৎসা দেওয়া বা পরিবারকে জানানোর প্রয়োজনীয় উদ্যোগও নেওয়া হয়নি। আবাসিক শিক্ষার্থীদের নিয়ম অনুযায়ী প্রতি দুই সপ্তাহ অন্তর বৃহস্পতিবার বাড়িতে যাওয়ার সুযোগ থাকায় ২৭ আগস্ট সকালে আজিজুল বাড়িতে ফেরে। বাড়িতে আসার পর সে মারধরের বিষয়টি জানায় এবং তার শরীরে আঘাতের চিহ্নগুলো দেখা যায়। এরপরই তাকে দ্রুত শরনখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরিবারের সদস্যরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবি জানিয়েছেন।

শরনখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মাসুম বিল্লাহ জানান, শিশুটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে বর্তমানে সে আশঙ্কামুক্ত রয়েছে।

এ বিষয়ে দারুস সুন্নাহ মাদরাসার পরিচালক মাওলানা সিফাতুল্লাহ বলেন, শিশু ছাত্রকে মারধরের ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক। পরিবারের সঙ্গে আলোচনা করে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শরনখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম জানান, অভিযোগ পাওয়ার পর হাসপাতালে গিয়ে শিশুটির খোঁজ নেওয়া হয়েছে। মামলা হলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।