কক্সবাজার সরকারি কলেজ হোস্টেলে ২০ হাজার ইয়াবাসহ ছাত্রী গ্রেপ্তার

কক্সবাজার সরকারি কলেজের দোলনচাঁপা মহিলা হোস্টেলে অভিযান চালিয়ে শরীফা নামের এক ছাত্রীকে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এই অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানিয়েছে, কলেজ কর্তৃপক্ষের সহযোগিতায় দোলনচাঁপা মহিলা হোস্টেলে এই অভিযান চালানো হয়। অভিযানে কক্সবাজার সদর থানা পুলিশের নারী সদস্যরা অংশগ্রহণ করেন। এ সময় শরীফাকে আটক করার পাশাপাশি তার কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃত শরীফা কক্সবাজার সরকারি কলেজের গণিত বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী। কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, ইয়াবা উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার শরীফার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।