গাজীপুরের শ্রীপুরে গভীর রাতে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি মসজিদ এবং ঝুট ও তুলার গুদামসহ ১২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (২১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া গ্রামের ২ নম্বর সিএন্ডবি বাজারে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাত ৩টা ৫৫ মিনিটে প্রথম আগুন লাগার সংবাদ পায় শ্রীপুর ফায়ার স্টেশন। খবর পেয়েই শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। তবে আগুনের তীব্রতা বাড়তে থাকায় পরবর্তীতে শ্রীপুর ফায়ার স্টেশনের আরও একটি এবং রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার স্টেশনের একটি ইউনিট সেখানে যুক্ত হয়। চারটি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় সকাল ৫টা ৪৮ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
মাওনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরুল করিম জানান, অগ্নিকাণ্ডে বাতুর রহমান জামে মসজিদ ছাড়াও ঝুট ও তুলার গুদাম, স্যানিটারি দোকান, মুরগির দোকান এবং ভাঙারির দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে অগ্নিকাণ্ডের মূল কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানান এই কর্মকর্তা।
স্থানীয় বাসিন্দারা জানান, গভীর রাতে হঠাৎ আগুনের বিকট শিখা দেখে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা চালালেও তা দ্রুত ছড়িয়ে পড়ায় আয়ত্তে আনতে পারেননি। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত স্যানিটারি দোকানের মালিক রফিক জানান, পাশের ঝুটের গুদাম থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে তারা ধারণা করছেন। এতে মসজিদ ও দোকানগুলোর যাবতীয় মালামাল পুড়ে যাওয়ায় তারা ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
