মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাসের চাপায় একটি সিএনজি চালিত অটোরিকশার তিন যাত্রী প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের লসনা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়দের কাছ থেকে জানা যায়, লসনা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দেয় আলম এশিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস। বাসের ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে সাতগাঁও হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং স্থানীয় বাসিন্দাদের সহায়তায় অটোরিকশার ভেতর থেকে আশঙ্কাজনক অবস্থায় তিন যাত্রীকে উদ্ধার করে।
উদ্ধারকৃত যাত্রীদের তাৎক্ষণিকভাবে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

