শ্রীমঙ্গলে ফিনলে টি কোম্পানির চা বাগান ও কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফিনলে টি কোম্পানির ডিনস্টন ডিভিশনের আওতাধীন খেজুরীছড়া চা বাগান ও চা কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। গত শুক্রবার (১৩ নভেম্বর) থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। এই আকস্মিক পদক্ষেপে বাগানের হাজারো চা শ্রমিক ও তাঁদের পরিবারের জীবিকা নিয়ে গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছে।

ফিনলে টি কোম্পানির ভাড়াউড়া ডিভিশনের মহাব্যবস্থাপক গোলাম শিবলী বিষয়টি নিশ্চিত করেছেন। মূলত বৃহস্পতিবার (১২ নভেম্বর) কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসার (এস্টেটস) স্বাক্ষরিত এক নোটিশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২৭ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত কোনো পূর্বঘোষণা ছাড়াই শ্রমিকেরা বেআইনিভাবে ধর্মঘট পালন করেন। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে ডিনস্টন চা কারখানা, পলিপ্যাক কারখানা ও সেন্ট্রাল ওয়ার্কশপ স্টোরে কর্মরত অন্য শ্রমিকদের হুমকি দিয়ে কর্মস্থল থেকে বের করে আনেন। এতে বাগানে বিশৃঙ্খলা ও অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হওয়ায় কার্যক্রম চালানো অসম্ভব হয়ে পড়ে। বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (সংশোধিত)-এর ১৩(১) ধারা অনুযায়ী এই বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এই সময়ে ধর্মঘটে অংশগ্রহণকারী শ্রমিকেরা কোনো মজুরি পাবেন না।

তবে জরুরি সেবা ও সম্পত্তি রক্ষার স্বার্থে পলিপ্যাক কারখানা, ডিনস্টন সেন্ট্রাল ওয়ার্কশপ স্টোর, বাগান, চৌকিদার, বাংলো, স্টাফ কোয়ার্টার ও মেডিকেল বিভাগে কর্মরত স্থায়ী শ্রমিকেরা এই বন্ধের আওতামুক্ত থাকবেন।

স্থানীয় সূত্র ও শ্রমিকদের ভাষ্যমতে, ডিনস্টন চা বাগানের ভেতরে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া শ্রমিকেরা একটি মন্দির নির্মাণের কাজ শুরু করলে বাগানের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) হুমায়ুন কবির তাতে বাধা দেন। এই ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং তাঁরা ডিজিএমের প্রত্যাহারের দাবিতে কর্মবিরতি শুরু করেন। পরবর্তীতে বাগান কর্তৃপক্ষ ও চা শ্রমিক নেতাদের মধ্যে বৈঠকের মাধ্যমে সেই কর্মকর্তাকে বদলি বা প্রত্যাহারের সিদ্ধান্ত হলেও তা নির্ধারিত সময়ে কার্যকর না হওয়ায় শ্রমিকদের মধ্যে ক্ষোভ আরও বাড়ে এবং তাঁরা আবারও আন্দোলন শুরু করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় কর্তৃপক্ষ বাগান ও কারখানার সব কার্যক্রম বন্ধ ঘোষণা করে। স্থানীয় সচেতন মহল ও শ্রমিক নেতারা দ্রুত উভয় পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে অচলাবস্থা নিরসন এবং শ্রমিকদের জীবিকা রক্ষায় বাগান ও কারখানা পুনরায় চালুর দাবি জানিয়েছেন।