নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মোগরাপাড়া চৌরাস্তায় অবস্থিত দুটি বেসরকারি হাসপাতালে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১ আগস্ট) দুপুরে পরিচালিত এই অভিযানে রয়েল স্পেশালিস্ট হাসপাতালকে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে মেডিকেয়ার হাসপাতালকে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়েছে।
অভিযানটি পরিচালনা করেন কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম। অভিযানে অন্যদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোস্তাফিজুর রহমান দিগন্তসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানের কারণ সম্পর্কে সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনিম জানান, রয়েল স্পেশালিস্ট হাসপাতালে প্রয়োজনীয় নথিপত্রের অভাব এবং অস্বাস্থ্যকর পরিবেশ পাওয়ার কারণে তাদের জরিমানা করা হয়েছে। এছাড়া অনিয়মের দায়ে মেডিকেয়ার হাসপাতালকে জরিমানার পাশাপাশি সিলগালা করা হয়েছে।

