নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় চাঁদাবাজি এবং দায়িত্বরত পুলিশ কর্মকর্তার সঙ্গে উগ্র আচরণ ও হুমকির অভিযোগে এক বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত মো. শুক্কুর আলী উপজেলার জামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্বরত ছিলেন। তাকে দলের সব ধরনের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
রবিবার (৬ সেপ্টেম্বর) জামপুর ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক মো. আল আমিন মোল্লা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, চাঁদাবাজি, সরকারি সম্পত্তির অবৈধ ব্যবহার এবং কর্তব্যরত পুলিশ কর্মকর্তার সঙ্গে উগ্র আচরণ ও হুমকি দেওয়ার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে শুক্কুর আলীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে দলের সব পর্যায়ের নেতা-কর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিক ও সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম সানোয়ার ইতিমধ্যে এই বহিষ্কারাদেশ অনুমোদন করেছেন। বিজ্ঞপ্তিতে আরও স্পষ্ট করে দেওয়া হয়েছে যে, বহিষ্কৃত শুক্কুর আলীর কোনো ব্যক্তিগত অপকর্মের দায়ভার দল বহন করবে না।
এ বিষয়ে সোনারগাঁ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এবং জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিক জানান, চাঁদাবাজি ও পুলিশ কর্মকর্তার সঙ্গে অসদাচরণ করার পাশাপাশি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করার সুনির্দিষ্ট অভিযোগে শুক্কুর আলীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

