ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কুমারশীল মোড়ে অবস্থিত সোনালী ব্যাংকের কর্পোরেট শাখায় এক গ্রাহকের সাত লাখ ৮০ হাজার টাকা চুরির ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে ব্যাংকের ভেতর থেকে এই অর্থ নিয়ে চম্পট দেয় একটি প্রতারক চক্র। এ ঘটনায় ভুক্তভোগী গ্রাহক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী গ্রাহক আবু ইউসুফ বাবু জানান, সোমবার দুপুর ১২টার দিকে তিনি জেলা সাব রেজিস্ট্রি অফিসের নামে পে-অর্ডারের মাধ্যমে সাত লাখ ৮০ হাজার টাকা জমা দেওয়ার জন্য ব্যাংকে আসেন। ক্যাশ কাউন্টারের সামনে টাকার ব্যাগটি রেখে তিনি পাশে থাকা টেবিলে বসে জমার ভাউচার লিখছিলেন। সেই সুযোগে প্রতারক চক্রের এক সদস্য কৌশলে টাকার ব্যাগটি নিয়ে ব্যাংক থেকে পালিয়ে যায়।
সোনালী ব্যাংকের ব্রাহ্মণবাড়িয়া কর্পোরেট শাখার প্রধান মে. শরীফুল হক জানিয়েছেন, গ্রাহক নিজের টাকার দিকে নজর না রেখে ভাউচার লিখতে ব্যস্ত ছিলেন। গ্রাহকের এই অসাবধানতার সুযোগ নিয়েই প্রতারক চক্রটি টাকা নিয়ে সরে পড়ে। ব্যাংকের সিসিটিভি ফুটেজে পুরো বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদুল ইসলাম জানিয়েছেন, বিষয়টি অবগত হওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

