সিরাজগঞ্জ সদর উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। শুক্রবার ভোরে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের বহুতি বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় অটোরিকশাটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে গেছে।
নিহতরা হলেন কামারখন্দ উপজেলার কুঠিরচর গ্রামের সিএনজি চালক আশিক আহমেদ এবং রায়গঞ্জ উপজেলার কালিঞ্জা গ্রামের যাত্রী ঠাকুর হাওলদার। এ ঘটনায় ঠাকুর হাওলদারের ছেলে বিষ্ণু হাওলদার মারাত্মক আহত হয়েছেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।
সিরাজগঞ্জ সদর থানার ওসি রাকিবুল হাসান জানান, ঠাকুর হাওলদার তার ছেলে বিষ্ণুকে নিয়ে ভদ্রঘাট বাজার থেকে অটোরিকশায় করে শহরের দিকে যাচ্ছিলেন। পথে একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চালক আশিক ও যাত্রী ঠাকুর হাওলদার মারা যান। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি বাড়িতে নিয়ে গেছেন বলে জানিয়েছেন ওসি।

