শাহজালালের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, সঙ্গে স্বর্ণ ও বৈদেশিক মুদ্রা

সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও দানের ডেগ থেকে সব মিলিয়ে ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা পাওয়া গেছে। শনিবার (১৫ আগস্ট) ৩৪ দিন পর প্রকাশ্যে এই অর্থ গণনা করা হয়। বিপুল পরিমাণ নগদ টাকার পাশাপাশি মাজার থেকে ২ ভরি ১ রতি স্বর্ণ, ২৩টি রৌপ্যমুদ্রা এবং ১৯ ধরনের বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়েছে।

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী বিকেলে গণনার আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন। তিনি জানান, উদ্ধারকৃত এসব অর্থ মাজারের নির্ধারিত ব্যাংক হিসাবে জমা করা হবে।

সকাল ১০টার দিকে মাজারের দানবাক্স ও দানের ডেগগুলোর সিলগালা খোলার কার্যক্রম শুরু হয়। তিনটি বড় দানবাক্স ও তিনটি ডেগ খোলার পর সকাল সাড়ে ১০টা থেকে টাকা গণনার কাজ শুরু হয়। প্রায় ৩০ জন স্বেচ্ছাসেবী প্রকাশ্যে এই গণনা সম্পন্ন করেন। এই প্রক্রিয়ার সময় প্রশাসনের প্রতিনিধি, মাজারের মুতাওয়াল্লি এবং উৎসুক জনতা উপস্থিত ছিলেন।

উদ্ধারকৃত বৈদেশিক মুদ্রার তালিকায় রয়েছে ৩১ পাউন্ড ১১ পয়সা, ৩ হাজার ২৪৮ ভারতীয় রুপি, ৬০ পাকিস্তানি রুপি ও আধা পয়সা, ৭০ সৌদি রিয়াল, ৮ মালয়েশিয়ান রিঙ্গিত, ৪ মার্কিন ডলার, ১০০ নেপালি রুপি, ৬৪ দিরহাম ২২ সেন, ২০ তুর্কি লিরা, ১ হাজার ভিয়েতনামি ডং, ১ হাজার জাপানি ইয়েন, ১১১ কাতারি রিয়াল ৫০ পয়সা, ১০ দক্ষিণ আফ্রিকান র‍্যান্ড, ১০ সিঙ্গাপুর ডলার, ৮০ ইরানি টাকা, ১ মালদ্বীপের রুপি, ১ কানাডিয়ান ডলার এবং কিছু কুয়েতি মুদ্রা।

মাজার কর্তৃপক্ষ জানিয়েছে, এর আগে গত ২২ জুন প্রথমবার এবং ১১ জুলাই দ্বিতীয়বার দানবাক্স ও ডেগের টাকা প্রকাশ্যে গণনা করা হয়েছিল। সর্বশেষ গণনার ৩৪ দিন পর শনিবার তৃতীয় দফায় পুনরায় দানবাক্সগুলো খোলা হয়।