পঞ্চমবারের মতো খোলা হলো শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স

সিলেটের ঐতিহ্যবাহী হযরত শাহজালাল (রহ.) মাজারের জেলা প্রশাসন কর্তৃক স্থাপিত দানবাক্স ও তিনটি ঐতিহাসিক ডেগ পঞ্চমবারের মতো খোলা হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল ৯টা থেকে দানবাক্স খোলার প্রাথমিক প্রস্তুতি শুরু হওয়ার পর সকাল সাড় ৯টা থেকে আনুষ্ঠানিকভাবে সংগৃহীত টাকা গণনার কাজ শুরু হয়। প্রায় ১ মাস ৫ দিন বা ৩৫ দিন পর আবারও এসব দানবাক্স খোলা হলো।

টাকা গণনাকালে মাজার পরিচালনা কমিটি ও সিলেট জেলা প্রশাসনের দায়িত্বশীল প্রতিনিধিরা সরেজমিনে উপস্থিত রয়েছেন। এর আগে গত ১৯ সেপ্টেম্বর প্রায় ৩৪ দিন পর চতুর্থবারের মতো মাজারের দানবাক্স ও ঐতিহাসিক ডেগগুলো খোলা হয়েছিল, যেখান থেকে প্রায় ৮৯ লাখ টাকা সংগৃহীত হয়।

বহু বছরের প্রচলিত প্রথা ভেঙে চলতি বছরের ২২ জুন হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা প্রকাশ্যে গণনার উদ্যোগ নেওয়া হয়। তৎকালীন জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের বিশেষ পদক্ষেপে দানবাক্স বসানোর মাত্র চার দিনের মাথায় প্রথম গণনায় ১৭ লাখ ৬৫ হাজার ৫ ৪৯ টাকা পাওয়া যায়। পরবর্তীতে ১৭ দিন পর, ১১ জুলাই দ্বিতীয়বারের মতো দানবাক্স খোলা হলে নগদ ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা ছাড়াও বিভিন্ন দেশের মুদ্রা, সোনা ও রুপার অলংকার উদ্ধার করা হয়।

ধারাবাহিক এই কার্যক্রমের অংশ হিসেবে গত ১৫ আগস্ট তৃতীয়বারের গণনায় নগদ ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকাসহ বিপুল পরিমাণ দেশি-বিদেশি মুদ্রা ও সোনা-রুপা উদ্ধার করা হয়েছিল। দানবাক্স খোলার এই নিয়মিত প্রক্রিয়া সম্পর্কে মাজার পরিচালনা কমিটির সদস্য রেজাউল হাসান কয়েস লোদী জানান, মাজারের তহবিলে জমা হওয়া যাবতীয় অর্থ ও সামগ্রী প্রশাসনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে নিরাপদে রাখা হচ্ছে এবং এর সুনির্দিষ্ট হিসাব সংরক্ষণে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।