শাহজালাল মাজারে দানবাক্স খুলে মিলল পৌনে ৮৯ লাখ টাকা

সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারের পাঁচটি দানবাক্স ও তিনটি সিন্নি-ডেগ প্রকাশ্যে খুলে নগদ ৮৮ লাখ ৬৫ হাজার ৬০৮ টাকা পাওয়া গেছে। নগদ অর্থের পাশাপাশি এসব দানবাক্সে সংগৃহীত হয়েছে ১ ভরি সাড়ে ৮ আনা স্বর্ণ, ৩ ভরি ১৩ আনা রুপা এবং ১৮টি দেশের বিভিন্ন মূল্যমানের বৈদেশিক মুদ্রা। শনিবার (২৪ অক্টোবর) সকালে জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মামুনের উপস্থিতিতে ৫ম বারের মতো সর্বসাধারণের সামনে দানবাক্সগুলো খুলে অর্থ গণনা কার্যক্রম শুরু করা হয়। সকাল থেকে চলা এই গণনা শেষে সন্ধ্যা ৬টায় প্রাপ্ত অর্থের চূড়ান্ত হিসাব নিশ্চিত করেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো. মাইনউদ্দিন।

গণনাকাজে জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, মাজার ব্যবস্থাপনা কমিটির প্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা সক্রিয়ভাবে অংশ নেন। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বিদেশি মুদ্রার তালিকায় রয়েছে ২৯ মার্কিন ডলার, ১৪ ব্রিটিশ পাউন্ড, ৭ হাজার ৪৩৪ ভারতীয় রুপি, ৫০ রুশ রুবল, ৫০০ শ্রীলঙ্কান রুপি, ১০০ পাকিস্তানি রুপি, ৫৫ নেপালি রুপি, ৯৩ সৌদি রিয়াল ও পয়সা, ২০ থাই বাত, ১১ মালয়েশীয় রিঙ্গিত, ১ হাজার ৩৫০ দশমিক ৫০ ওমানি বাইসা, ৬৫ সংযুক্ত আরব আমিরাতের দিরহাম, ১৫ মালদ্বীপের রুপি, ১৭ কাতারি রিয়াল ও পয়সা, ৭ ইউরো ৩৩ সেন্ট, ১০০ বাহরাইনি পয়সা, ১০ হংকং ডলার এবং ১ ব্রুনাই ডলার।

গণনা কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপে সিলেটের জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মামুন জানান, সংগৃহীত সব টাকা ব্যাংকে জমা রাখা হবে। সেখান থেকে মাজারের বিদ্যুৎ বিলসহ আনুষঙ্গিক নানা ইউটিলিটি চার্জ প্রদান করা হবে। এছাড়া মাজারে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আনসার সদস্যদের বেতন-ভাতাও এই তহবিল থেকে পরিশোধ করা হবে।

মাজার পরিচালনায় প্রশাসনিক স্বচ্ছতা ও শৃঙ্খলা আনতে সংস্কার উদ্যোগের কথা তুলে ধরে জেলা প্রশাসক বলেন, ব্যবস্থাপনা কাঠামোর আওতায় একজন ম্যানেজার, একজন একাউন্টেন্ট ও একজন কম্পিউটার অপারেটর নিয়োগের প্রক্রিয়া চলছে। নতুন এই কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ সম্পন্ন হতে আনুমানিক এক মাসের মতো সময় লাগতে পারে। নিয়োগ প্রক্রিয়া শেষ হলে প্রতিদিন জমা হওয়া টাকা প্রতিদিন হিসাব করে গণনা করা সম্ভব হবে। তবে এর মধ্যবর্তী সময়ে জেলা প্রশাসনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে অন্তত আরও একবার প্রকাশ্যে একই পদ্ধতিতে দানবাক্সের অর্থ গণনা করা হবে।

তিনি আরও উল্লেখ করেন, স্থায়ী নিয়োগ শেষ হলে মাজারের মোট আয়ের ৬৫ শতাংশ টাকা এর দৈনন্দিন পরিচালন ব্যয় এবং কর্মচারীদের বেতন-ভাতায় বণ্টন করা হবে। অর্থ বণ্টনের বিষয়টিতে পূর্ণ স্বচ্ছতা বজায় রাখতে এক উচ্চপর্যায়ের কমিটি মাজারের সামগ্রিক পরিচালনা ব্যয় ও বাস্তবতা বিবেচনা করে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত চূড়ান্ত করেছে।

উল্লেখ্য, এর আগে চার দফায় একইভাবে মাজারের দানবাক্স ও ডেগের অর্থ গণনা করা হয়েছিল। গত ২২ জুন ১ম দফায় ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা পাওয়া যায়, যার সঙ্গে জেলা প্রশাসনের তহবিল থেকে অতিরিক্ত ৫ লাখ টাকার চেক যুক্ত হয়ে মোট পরিমাণ দাঁড়ায় ২২ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা। পরবর্তীতে ১১ জুলাই ২য় দফায় ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা, ১৫ আগস্ট ৩য় দফায় ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা এবং ১৯ সেপ্টেম্বর ৪র্থ দফায় ৮৮ লাখ ৯২ ৯৬৬ টাকা পাওয়া গিয়েছিল। ১ম থেকে ৪র্থ দফা পর্যন্ত চারবারে মোট সংগৃহীত অর্থের পরিমাণ ছিল ২ কোটি ২৯ লাখ ৫৭ হাজার ৩৪০ টাকা।