সাভার-আশুলিয়ায় পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে বুধবার সকালে শ্রমিকেরা যথারীতি কারখানায় প্রবেশ করে হাজিরা নিশ্চিত করেছিলেন। তবে সকাল ৯টার পরপরই পরিস্থিতির অবনতি ঘটে এবং বেশ কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ রেখে বেরিয়ে আসেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রথমে হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকার কারখানাগুলো থেকে শ্রমিকেরা বেরিয়ে আসেন। পরে তারা হেমায়েতপুর-সিংগাইর সড়ক ধরে মিছিল নিয়ে আশেপাশের কারখানার ফটকে অবস্থান নেন এবং ভেতরে থাকা শ্রমিকদের বেরিয়ে আসার জন্য আহ্বান জানান।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেন। একই সময়ে আশুলিয়ার জামগড়া ও নরসিংহপুর এলাকায় শ্রমিকেরা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন। হা-মীম ও শারমিন গ্রুপের কারখানার সামনে শ্রমিকেরা জড়ো হয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে পুলিশের সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের সরিয়ে দেয়।

ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস্ ও ট্রাফিক উত্তর) মো. জাহাঙ্গীর আলম জানান, শ্রমিকদের সঙ্গে অনেক বহিরাগত মিশে গেছে এবং মজুরি বোর্ডের সিদ্ধান্ত নিয়ে শ্রমিকদের মধ্যে উৎকণ্ঠা রয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে মালিকপক্ষ আজকের মতো ছুটি ঘোষণা করায় শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে এলাকা ত্যাগ করছেন।

বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু জানান, সকালের দিকে শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিলেও পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ কারণে আশুলিয়ার জামগড়া, নরসিংহপুর ও বেরন এলাকার অধিকাংশ পোশাক কারখানা কর্তৃপক্ষের নির্দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। সব মিলিয়ে সাভার ও আশুলিয়ার হেমায়েতপুর এলাকায় প্রায় ৩০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়।