শারীরিক সীমাবদ্ধতা ও অসুস্থতাকে জয় করে এবারের আলিম পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছেন সাকিরুল ইসলাম (১৮)। তার এই অদম্য মেধাকে স্বীকৃতি জানাতে এবং উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন পটুয়াখালীর বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ। তিনি সাকিরুলের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি ও আনুষঙ্গিক খরচের জন্য ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেছেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সাকিরুলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ইউএনও সালেহ আহমেদ। এই বিশেষ মুহূর্তে তিনি সাকিরুলের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন। ইউএনও সালেহ আহমেদ বলেন, শারীরিক প্রতিবন্ধকতা জয় করে সাকিরুলের এই সাফল্য অত্যন্ত প্রশংসনীয়। তিনি আশা প্রকাশ করেন, সাকিরুল তার মনোবল অটুট রেখে ভবিষ্যতে আরও ভালো ফলাফল করবে।
সাকিরুল বাউফল উপজেলার ঐতিহ্যবাহী ছালেহিয়া ফাযিল মাদরাসার শিক্ষার্থী। শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও তিনি এবারের আলিম পরীক্ষায় অংশ নেন। পরীক্ষা চলাকালীন সময়ে একাধিকবার অসুস্থ হয়ে পড়লেও তিনি মনোবল হারাননি। শেষ পর্যন্ত সব পরীক্ষা সম্পন্ন করে কাঙ্ক্ষিত জিপিএ-৫ অর্জন করেন। এর আগে দাখিল পরীক্ষায় জিপিএ-৪ পেয়েছিলেন তিনি। তখনই সাকিরুল পরবর্তী পরীক্ষায় জিপিএ-৫ পাওয়ার দৃঢ় সংকল্প করেছিলেন।
সাকিরুলের বাড়ি বাউফল সদর ইউনিয়নের হোসনাবাদ এলাকার প্যাদা বাড়িতে। তার বাবা মাওলানা মো. মোশাররফ হোসাইন স্থানীয় একটি মাদরাসার শিক্ষক এবং মা সাকিরা বেগম একজন গৃহিণী। ইউএনও’র কাছ থেকে সংবর্ধনা ও সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সাকিরুল।

