টেকনাফে রোহিঙ্গাবোঝাই নৌকাডুবি: ১৮ জন উদ্ধার, নিখোঁজ ১৩

কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়া সমুদ্র উপকূলে রোহিঙ্গাবোঝাই একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল ৮টার দিকে শাহপরীরদ্বীপ পশ্চিমপাড়া নৌকাঘাটসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় জেলেরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ১৮ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন এবং পরবর্তীতে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

উদ্ধারকারী জেলে মো. ইসমাইল জানান, নৌকাটিতে মোট ৩১ জন আরোহী ছিল। উদ্ধার হওয়া ১৮ জনের মধ্যে কোনো নারী বা শিশু নেই। তবে এখনো অন্তত ১৩ জন নিখোঁজ রয়েছেন বলে তিনি নিশ্চিত করেছেন।

সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান জানান, মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে চলমান সংঘর্ষের কারণে তারা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন। সেই পথেই নৌকাটি ডুবে যায়।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া জানিয়েছেন, উদ্ধার হওয়া ১৮ জন বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছেন। তারা কেন বাংলাদেশে এসেছেন, তা যাচাই-বাছাই করা হচ্ছে এবং এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।