রাজধানীর ইসিবি এলাকা থেকে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার তাকে আটকের খবর নিশ্চিত করেছে পুলিশ।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির জানিয়েছেন, সাহেদের বিরুদ্ধে একটি সিআর মামলার ওয়ারেন্ট ছিল। সেই ওয়ারেন্টের ভিত্তিতে পল্লবী থানা পুলিশের চাহিদার প্রেক্ষিতে ক্যান্টনমেন্ট থানা পুলিশ তাকে আটক করে।
এ বিষয়ে ওসি হাসান বাসির আরও বলেন, আমরা তাকে থানায় নিয়ে আসার প্রক্রিয়া শুরু করেছি। তাকে হাতে পেলে বিস্তারিত জানানো সম্ভব হবে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (এস্টেট, ডেভেলপমেন্ট ও আইসিটি) মোহাম্মদ ওসমান গণি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পল্লবী থানার একটি মামলায় ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং পরবর্তীতে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

