রংপুরে ৪ খুন: গ্রেফতারকৃতদের ডিএনএ আলামতের মিল পাওয়ার তথ্য নিশ্চিত

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১০:৫৭ পিএম

রংপুরের কামালকাছনা দাসপাড়া এলাকায় একই পরিবারের চার সদস্যকে নির্মমভাবে হত্যার ঘটনায় গ্রেফতারকৃত দুই আসামির ডিএনএ পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা আলামতের সঙ্গে অভিযুক্ত সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডিএনএর মিল পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। এর ফলে এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে আসামিদের সরাসরি জড়িত থাকার অকাট্য বৈজ্ঞানিক প্রমাণ যুক্ত হলো।

মামলাটির তদন্ত কর্মকর্তা রংপুর মেট্রোপলিটন ডিবি পুলিশের ইন্সপেক্টর জিন্নাত আলী গত ২৯ সেপ্টেম্বর আসামিদের রক্তের নমুনা এবং ঘটনাস্থলের আলামত পরীক্ষার জন্য ঢাকার সিআইডি প্রধান কার্যালয়ের ফরেনসিক ল্যাবে পাঠান। সেখানে নিখুঁত রাসায়নিক ও ডিএনএ পরীক্ষা শেষে চূড়ান্ত প্রতিবেদনটি গত বৃহস্পতিবার রংপুর মেট্রোপলিটন ডিবি পুলিশের কাছে পৌঁছায়।

উল্লেখ্য, গত ২০ আগস্ট শনিবার দিবাগত রাতে কামালকাছনা দাসপাড়া এলাকার নিজ বাড়ি থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫৫), মেয়ে আগামী চক্রবর্তী (২৫) এবং ছেলে আয়ুশ চক্রবর্তী প্রিয়মের (১১) লাশ উদ্ধার করে পুলিশ। দেশজুড়ে আলোড়ন সৃষ্টিকারী এই ঘটনার পর ২৩ আগস্ট ভোরে প্রতিবেশী মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ। পরে আদালতে হাজির করা হলে তারা হত্যাকাণ্ডে নিজেদের দায় স্বীকার করে জবানবন্দি দেন। বর্তমানে মামলাটির বিস্তারিত তদন্ত করছে রংপুর মহানগর ডিবি পুলিশ।

একই পরিবারের চারজনকে নির্মমভাবে হত্যার এই ঘটনায় দেশ-বিদেশে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। ঘটনার সুষ্ঠু বিচারের লক্ষ্যে বিচারবিভাগীয় তদন্তের দাবি জানান সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও বাংলাদেশ আইনজীবী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অপূর্ব কুমার ভট্টাচার্য, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও আইনজীবী ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি জয়া ভট্টাচার্য এবং রংপুর মহানগর নাগরিক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ। শুরু থেকেই পুলিশের তদন্তের অগ্রগতি নিয়ে বিভিন্ন মহলে নানা আলোচনা ও বিতর্ক চললেও এই ডিএনএ পরীক্ষার ফলাফল আসামিদের সরাসরি সম্পৃক্ততা নিশ্চিত করল।

রংপুর মেট্রোপলিটন ডিবি পুলিশের উপকমিশনার (ডিসি) সনাতন চক্রবর্তী জানান, ঘটনাস্থল থেকে জব্দ করা আলামতের সঙ্গে গ্রেফতারকৃতদের ডিএনএ মিলে যাওয়ায় মামলায় অকাট্য বৈজ্ঞানিক প্রমাণ যুক্ত হয়েছে। তবে এই হত্যাকাণ্ডের পেছনে অন্য কারও প্রত্যক্ষ বা পরোক্ষ মদদ কিংবা সম্পৃক্ততা রয়েছে কিনা, তা মামলার চূড়ান্ত তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে বলা যাবে না।