এইচএসসিতে রাজশাহী ক্যাডেট কলেজের ৪৬ জনের সবাই জিপিএ-৫

সারা দেশে এইচএসসি পরীক্ষার ফলাফলে পাসের হার ও জিপিএ-৫—উভয়ই কমেছে। রাজশাহী শিক্ষাবোর্ডেও ফলাফলের বড় ধরনের বিপর্যয় দেখা গেছে, যেখানে পাসের হার মাত্র ৪৫.৬ শতাংশ। এমন প্রতিকূল পরিস্থিতির মধ্যেও বরাবরের মতো নিজেদের ঈর্ষণীয় সাফল্য ধরে রেখেছে রাজশাহী ক্যাডেট কলেজ। কলেজটির ৪৬ জন পরীক্ষার্থী এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল এবং তাদের সবাই জিপিএ-৫ পেয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে রাজশাহী ক্যাডেট কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন আনোয়ার হোসেন মনজুর এই ফলাফলের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, কলেজের ৪৬ জন পরীক্ষার্থীর সবাই গোল্ডেন জিপিএ-৫ অর্জন করার গৌরব অর্জন করেছে।