পাথরঘাটায় ১৭ হাজার টাকায় বিক্রি হলো বিশাল আকৃতির রাজা ইলিশ

বরগুনার পাথরঘাটায় অবস্থিত বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) মৎস্য অবতরণ কেন্দ্রে ২ কেজি ৯০০ গ্রাম ওজনের একটি বিশাল আকৃতির ‘রাজা ইলিশ’ মাছ ১৭ হাজার টাকায় বিক্রি হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দেশের দ্বিতীয় বৃহত্তম এই মৎস্য অবতরণ কেন্দ্রে নিলামের মাধ্যমে মাছটি বিক্রি করা হয়।

জানা গেছে, পাথরঘাটা উপজেলার পদ্মা গ্রামের বাসিন্দা আলতাব হোসেনের মালিকানাধীন ‘এফবি মায়ের দোয়া’ ট্রলারের জেলেরা বুধবার রাতে পাথরঘাটা থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বলেশ্বর নদীর মোহনায় জাল ফেলেন। সেই জালেই ধরা পড়ে বিরল আকৃতির এই রাজা ইলিশটি।

মাছটি বিক্রির জন্য পাথরঘাটা বিএফডিসি ঘাটে নিয়ে আসা হলে মৎস্য আড়তদার ‘নিউ আলামিন ফিশের’ স্বত্বাধিকারী মো. টিপু খান নিলামে অংশ নিয়ে ১৭ হাজার টাকায় এটি কিনে নেন। আড়তদার টিপু খান জানান, দুই কেজি ৯০০ গ্রাম ওজনের এই ইলিশের প্রতি মণের দাম দাঁড়িয়েছে ৩ লাখ ৩৪ হাজার ৪৮২ টাকা। মাছটি আরও বেশি দামে বিক্রির আশায় সুবিধাজনক বাজারে পাঠানোর পরিকল্পনা রয়েছে তার।

পাথরঘাটা বিএফডিসি মৎস্য আড়তদার সমিতির সভাপতি সগীর আলম জানান, গত দুই বছরের মধ্যে এই ঘাটে এত বড় আকৃতির ইলিশ দেখা যায়নি। ১৭ হাজার টাকায় বিক্রি হওয়া এই রাজা ইলিশটিই গত দুই বছরের মধ্যে ঘাটের সবচেয়ে বড় ও সেরা মাছ। এদিকে, বিরল আকৃতির এই ইলিশটি দেখার জন্য বিএফডিসি ঘাটে উৎসুক মানুষের ভিড় জমে যায়। বড় আকৃতির ইলিশ ধরা পড়ায় স্থানীয় জেলে ও ব্যবসায়ীদের মধ্যেও বেশ উৎসাহ দেখা দিয়েছে।