খুলনার নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ, মোটরসাইকেল শনাক্ত করেছে পুলিশ

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। রোববার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে নগর ভবনের বাইরের সড়ক থেকে সিঁড়ি লক্ষ্য করে দুর্বৃত্তরা এই বোমাটি ছোড়ে। তবে সৌভাগ্যবশত, এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

পুলিশের তথ্য অনুযায়ী, রাত সাড়ে ১২টার দিকে একটি মোটরসাইকেলে করে দুই যুবক নগর ভবনের সামনে আসে। পরে তারা ভবনের সিঁড়ি লক্ষ্য করে পেট্রোল বোমাটি নিক্ষেপ করে। ওই স্থানে কাঠ বা কাগজের মতো কোনো দাহ্য পদার্থ না থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েনি এবং কিছুক্ষণ জ্বলার পর তা নিভে যায়।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বোমাটি সিঁড়ির ওপর পড়ায় সেখানে সামান্য দাগ পড়েছে, কিন্তু ভবনের কোনো বড় ক্ষতি হয়নি।

ওসি আরও জানান, যে মোটরসাইকেলটি ব্যবহার করে পেট্রোল বোমাটি নিক্ষেপ করা হয়েছে, সেটি শনাক্ত করতে সক্ষম হয়েছে পুলিশ। বর্তমানে এই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের জন্য পুলিশি অভিযান চলছে। এছাড়া গত ২০ থেকে ২৫ দিনে খুলনা সদর থানা এলাকায় নিষিদ্ধ কোনো দলের কার্যক্রমের তথ্য নেই বলেও তিনি উল্লেখ করেন।