পাটগ্রাম সীমান্তে বিএসএফের ফাঁকা গুলি, ৪টি নৌকা ধরে নিয়ে যাওয়ার অভিযোগ

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ধরলা নদী থেকে বালু ও পাথর তোলার সময় ফাঁকা গুলি ছুড়ে বাংলাদেশিদের ৪টি নৌকা ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের বরমতল মাইয়ামরা ঘাটে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে স্থানীয় সীমান্ত এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিস্তা ব্যাটালিয়নের (৬১ বিজিবি) আওতাধীন পঁয়ষট্টিবাড়ী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ধরলা নদীর শূন্যরেখা থেকে বাংলাদেশের অভ্যন্তরে নৌকা নিয়ে হাতে বালু তুলছিলেন স্থানীয়রা। এ সময় বিএসএফের প্রায় ৫০-৬০ জন সদস্য বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। তারা ৫ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে এবং ৪টি নৌকা তাদের ক্যাম্পে নিয়ে যায়।

এ ঘটনার পর তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। উদ্ভূত পরিস্থিতি নিয়ে বিজিবি ও বিএসএফের বিওপি কমান্ডার পর্যায়ে যোগাযোগ করা হয়েছে এবং দ্রুতই কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ঘটনার বিষয়ে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অবহিত করা হয়েছে। সীমান্ত এলাকায় বিজিবি টহলদলের নজরদারি জোরদার করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে বিজিবি সূত্রে জানানো হয়েছে।