পার্বতীপুরে এ্যাফেক রেসিডেনসিয়াল মডেল স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

পার্বতীপুরে এ্যাফেক রেসিডেনসিয়াল মডেল স্কুলের পিএসসি ও জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে পার্বতীপুর উপজেলা পরিষদ কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি ও পড়াশোনায় উৎসাহিত করার লক্ষ্যে এই সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহমুদ হুসাইন রাজু। এ্যাফেক রেসিডেনসিয়াল মডেল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক আখতারুজ্জামান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্যে মো. মাহমুদ হুসাইন রাজু বলেন, এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে উৎসাহ ও আত্মবিশ্বাস জোগায়। তিনি আশা প্রকাশ করেন যে, শিক্ষার্থীরা ভবিষ্যতে আরও ভালো ফলাফল করবে এবং দেশ ও জাতির জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাপস রায়, কেজি সোসাইটি পার্বতীপুরের সভাপতি শহিদুল ইসলাম বাবলা, এ্যাফেক রেসিডেনসিয়াল মডেল স্কুলের প্রধান শিক্ষক আরাফাত জামিল এবং প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোশারফ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজক সূত্রে জানা যায়, ২০১৮ সালে যাত্রা শুরু করা এ্যাফেক রেসিডেনসিয়াল মডেল স্কুল বর্তমানে শিশু শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত তাদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে।