পাবনায় দুই লাখ টাকা চাঁদা না দেওয়ার জেরে মো. সৈকত (২৮) নামের এক প্রাইভেটকার চালককে হাতুড়িপেটা ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় পাবনা পৌর এলাকার চক পৈলানপুর মাঠপাড়া এলাকার একটি চায়ের দোকানে এই হামলার ঘটনা ঘটে। হামলার সময় ভুক্তভোগী চালকের কাছ থেকে ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় এবং আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা সৈকতকে উদ্ধার করে পাবনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন।
এ ঘটনায় ভুক্তভোগী সৈকতের বাবা মো. আমিন উদ্দিন ড্রাইভার বাদী হয়ে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে পাবনা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করা হয়েছে। অভিযুক্তরা হলেন—ঘোষপুর এলাকার মো. বিজয় (২৮), চক পৈলানপুর মাঠপাড়ার মো. পারভেজ (২৪) এবং মো. নাহিদ (২৫)।
অভিযোগসূত্রে জানা যায়, ভুক্তভোগী পরিবার পরিবহন ব্যবসার সঙ্গে জড়িত। অভিযুক্তরা গত কিছুদিন ধরে সৈকতের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন এবং চাঁদা না দিলে ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকি দিচ্ছিলেন। শুক্রবার সন্ধ্যায় সৈকত যখন চক পৈলানপুর মাঠপাড়ার একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন, তখন অভিযুক্তরা ধারালো চাকু, লোহার হাতুড়ি ও পিস্তল নিয়ে সেখানে প্রবেশ করেন।
সেখানে পুনরায় চাঁদা দাবি করলে সৈকত তা দিতে অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে বিজয়ের নির্দেশে পারভেজ ও নাহিদ লোহার হাতুড়ি দিয়ে সৈকতের পাঁজরে আঘাত করেন। একই সময়ে বিজয় ধারালো চাকু দিয়ে তাঁর দুই পায়ে আঘাত করে রক্তাক্ত জখম করেন। হামলার একপর্যায়ে বিজয় সৈকতের পকেটে থাকা ৫০ হাজার টাকা ছিনিয়ে নেন। স্থানীয় রুবেল, হাফিজুল ও শাকিবসহ আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পিস্তল উঁচিয়ে প্রাণনাশ ও লাশ গুমের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানিয়েছেন, লিখিত অভিযোগ পাওয়ার পর বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

