অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা সরকারের নেই বলে স্পষ্ট করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (১৪ অক্টোবর) চট্টগ্রামে সাইবার পুলিশ সেন্টার ও ডিজিটাল ফরেনসিক ল্যাব উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। মন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাসহ সব বিষয়ে সরকারের দায়িত্ব রয়েছে, তবে বর্তমান পরিস্থিতিকে তিনি চ্যালেঞ্জ হিসেবে দেখছেন না।

অপরাধ দমনে পুলিশের ভূমিকা নিয়ে মন্ত্রী বলেন, অপরাধ দমন করতে গিয়ে পুলিশ মাঝেমধ্যে আক্রমণের শিকার হয়, যা নতুন কোনো বিষয় নয়। অপরাধীদের দমনে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, পুলিশ কাউকে গ্রেপ্তার করতে গেলে যদি কেউ আসামিকে সহযোগিতা করেন, তবে তথ্য পাওয়ার সাপেক্ষে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ডিজিটাল ফরেনসিক ল্যাবের গুরুত্ব তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে অপরাধের ধরন পাল্টাচ্ছে। সাইবার স্পেস ব্যবহার করে প্রতারণা থেকে শুরু করে শেয়ারবাজারে কারসাজির মতো অপরাধ সংঘটিত হচ্ছে। এসব অপরাধ শনাক্ত ও দমনে ডিজিটাল ফরেনসিক ল্যাবের কোনো বিকল্প নেই। এই ল্যাব অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) নেতৃত্বে পরিচালিত হবে এবং একই মন্ত্রণালয়ের অধীন হওয়ায় বিভাগগুলোর মধ্যে আন্তঃবিভাগীয় সমন্বয়ের সুযোগ রয়েছে।

ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে সালাহউদ্দিন আহমদ জানান, দেশের আটটি বিভাগীয় সদর দপ্তরে দ্রুত ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য দক্ষিণ কোরিয়া সরকারের কাছে আন্তর্জাতিক সহযোগিতা চাওয়া হয়েছে। সাইবার পুলিশ ইউনিটের নেতৃত্বে কেন্দ্রীয় পর্যায়ের পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়েও ডিজিটাল বিশ্লেষণের সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে সরকারের।

সিআইডির রাসায়নিক পরীক্ষাগার বা কেমিক্যাল ল্যাবরেটরি প্রসঙ্গে মন্ত্রী বলেন, এটি প্রতিষ্ঠালগ্ন থেকেই ভিসেরা প্রতিবেদন তৈরির কাজে ব্যবহৃত হচ্ছে। তবে অপরাধের ধরন পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে এই ব্যবস্থার সম্প্রসারণ জরুরি। বিচারিক প্রক্রিয়ায় মানুষের বিচারপ্রাপ্তি ত্বরান্বিত করতে আধুনিক সরঞ্জাম, লজিস্টিক সহায়তা এবং উন্নত পরীক্ষাগার স্থাপনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। অনুষ্ঠানে সিআইডির অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোসাইনের সভাপতিত্বে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুন, সংসদ সদস্য সাঈদ আল নোমান এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।