নীলফামারীর ডিমলা উপজেলার সীমান্ত এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৯টি ইয়াবা বড়িসহ আব্দুল করিম (২৯) নামের এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার ভোর সাড়ে চারটার দিকে উপজেলার আমতলী মসজিদ এলাকার ভূমিহীন পাড়ায় এই অভিযান পরিচালনা করা হয়। রংপুর ব্যাটালিয়নের (৫১ বিজিবি) পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে থানারহাট বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ৭৯৩/৩-এস থেকে প্রায় ৭০০ গজ বাংলাদেশের ভেতরে এই অভিযান চালায়। অভিযানের সময় মাদক চোরাচালানকারী একটি দলের কয়েকজন সদস্য পালিয়ে গেলেও আব্দুল করিমকে হাতেনাতে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১৯টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
আটক আব্দুল করিম ডিমলা উপজেলার ঠাকুরগঞ্জ গ্রামের মো. আব্দুল জব্বারের ছেলে। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত। অভিযানের সময় মো. ফারুক, স্বপন ও খাইরুল নামের আরও তিনজন মাদক ব্যবসায়ী পালিয়ে যেতে সক্ষম হন। আটক আব্দুল করিম ও উদ্ধার করা ইয়াবা আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

