পিরোজপুরের নেছারাবাদ উপজেলার উত্তর-পশ্চিম সোহাগদল মাধ্যমিক বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনের মধ্য দিয়ে ‘নজরুল বর্ষ-২০২৬’ পালিত হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক গ্রীন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবজারভার জার্নালিজম ও বাংলাদেশ সাংবাদিক ফোরামের সাবেক প্রশিক্ষক মোঃ সেলিম আকন। এছাড়া ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মোঃ এনায়েত হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষকরা এতে অংশ নেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মোঃ বিল্লাল হোসেন এবং পুরো আয়োজনটি সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক মোসাঃ নাছরিন। আলোচনা সভায় বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্যকর্ম ও অসম্পদায়িক চেতনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তাঁরা বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে কবির অসামান্য অবদানের কথা স্মরণ করে নতুন প্রজন্মের কাছে নজরুলের আদর্শ ও সৃষ্টিশীল কাজ পৌঁছে দেওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
আলোচনা পর্ব শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। শিক্ষার্থীরা কবির স্মৃতিচারণ করে তাঁর রচিত গান, কবিতা, নৃত্য ও বক্তব্য পরিবেশন করে, যা অনুষ্ঠানটিকে প্রাণবন্ত ও উপভোগ্য করে তোলে।

