তৃণমূল পর্যায়ে সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করার মাধ্যমে ২০৩১ সালের জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দেশের সরকারি দল হিসেবে সংসদে প্রতিনিধিত্ব করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। এ লক্ষ্যে দেশের প্রতিটি ওয়ার্ডে শক্তিশালী দলীয় কমিটি গঠনের ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।
শনিবার (২২ আগস্ট) বিকেলে কক্সবাজার শহরের সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত এক সাংগঠনিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে সারজিস আলম এসব কথা বলেন। এনসিপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো যৌথভাবে এই সভার আয়োজন করে। বক্তব্যে তিনি তৃণমূলের নেতাকর্মীদের গুরুত্ব তুলে ধরে বলেন, বিপ্লবের সহযোদ্ধা ও তৃণমূলের কর্মীদের নীতি নির্ধারণে মতামত দেওয়ার সুযোগ থাকে না। তাদের মতামতকে মূল্যায়ন করতে ইতিমধ্যে জেলাওয়ারি পলিসি কাউন্সিল গঠনের কাজ শুরু করেছে এনসিপি। এর মাধ্যমে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।
কক্সবাজার জেলা এনসিপির আহ্বায়ক আখতার আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় দলের বিভিন্ন স্তরের নেতারা বক্তব্য দেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও সারোয়ার তুষার, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম সুজা উদ্দিন, জাতীয় যুব শক্তির মুখ্য সংগঠক রিফাত রশিদ এবং জাতীয় ছাত্র শক্তির সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার।
সমন্বয় সভাটি সঞ্চালনা করেন জেলা এনসিপির সদস্য সচিব ওমর ফারুক। অনুষ্ঠান চলাকালে কক্সবাজার জেলার বিভিন্ন ইউনিটের দায়িত্বপ্রাপ্ত নেতারা নিজ নিজ এলাকার সাংগঠনিক কার্যক্রম ও বর্তমান অগ্রগতির প্রতিবেদন তুলে ধরেন। এ সময় জেলা ও বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সারজিস আলম বলেন, আমরা যদি বাংলাদেশের প্রতিটি ওয়ার্ডে আমাদের কমিটি নিশ্চিত করতে পারি, জনগণের রায়ে জনগণের আস্থার কান্ডারী হয়ে ইনশাআল্লাহ ৩১ এ জাতীয় সংসদে এনসিপি সরকারি দল হিসেবে প্রতিনিধিত্ব করবে।

