সরকারি চাকুরে হয়েও এনসিপি কমিটিতে পদ, চরফ্যাশনে তোলপাড়

সরকারি চাকরিতে বহাল থাকা অবস্থায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক পদে নাম অন্তর্ভুক্তির গুরুতর অভিযোগ উঠেছে ভোলার চরফ্যাশন উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা সফিউল্ল্যাহ জগলুর বিরুদ্ধে। দলটির উপজেলা আহ্বায়ক কমিটিতে তাকে সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হিসেবে রাখা হয়েছে বলে জানা গেছে। এই ঘটনা সরকারি কর্মচারীদের রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়া নিয়ে স্থানীয় পর্যায়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

অনুমোদিত কমিটি সংক্রান্ত প্রাপ্ত নথিপত্র অনুযায়ী, আগামী ছয় মাসের জন্য এনসিপির চরফ্যাশন উপজেলা আহ্বায়ক কমিটির আংশিক অনুমোদন দেওয়া হয়েছে। সাত সদস্যের ওই কমিটিতে সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হিসেবে সফিউল্ল্যাহ জগলুর নাম অন্তর্ভুক্ত ছিল। উল্লেখ্য, সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯-এর ২৫(১) বিধিতে সরকারি কর্মচারীদের রাজনৈতিক দলের সদস্য হওয়া এবং রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের ওপর সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা রয়েছে।

এ বিষয়ে এনসিপির ভোলা জেলা আহ্বায়ক অ্যাডভোকেট মো. জিয়াউর রহমান জানান, বিষয়টি তিনি শুনেছেন এবং তাদের কাছে নামের তালিকা আসার পর যাচাই-বাছাইয়ে ভুল হওয়ার কথা স্বীকার করেছেন। তিনি আরও বলেন, সরকারি চাকরিজীবীদের রাজনীতিতে যুক্ত হওয়ার কোনো সুযোগ নেই। চরফ্যাশন উপজেলা কমিটির আহ্বায়ক অহিদ ফয়সাল বলেন, তাদের রাজনীতিতে তার মৌন সম্মতি থাকলেও, ভুলবশত তার নাম ও ফোন নম্বর কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে সফিউল্ল্যাহ জগলুর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। এদিকে চরফ্যাশন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রাজন আলী বিষয়টি অবহিত হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে জানিয়েছেন। ভোলা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানিয়েছেন, তিনি সরকারি ম্যানুয়াল দেখে তার অবস্থান যাচাই করার প্রক্রিয়া শুরু করেছেন।