নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাবা-মেয়েসহ মোট ১২ জন নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া পুলিশ তদন্তকেন্দ্র এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। সংঘর্ষের ঘটনায় অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন।
বনপাড়া হাইওয়ে থানার এসআই আলমগীর হোসেন জানান, পটুয়াখালীর কুয়াকাটা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী 'আরপি স্পেশাল' নামক যাত্রীবাহী বাসটির সঙ্গে নাটোর থেকে আসা বালুবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৯ জন প্রাণ হারান। পরে আহতদের উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালসহ স্থানীয় ক্লিনিকে নেওয়ার পর আরও ৩ জন মারা যান। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আহত যাত্রীদের অভিযোগ, ভোররাতে মূল চালক ঘুমিয়ে পড়ায় বাসটি চালাচ্ছিলেন সুপারভাইজার সোহেল রানা। এ সময় বাসটি বাম লেন থেকে ডান লেনে চলে গেলে ট্রাকের সঙ্গে সংঘর্ষ ঘটে। যাত্রী রমজান আলী ও আব্দুস সালাম জানান, অতিরিক্ত যাত্রী নিয়ে বেপরোয়া গতিতে বাস চালানো এবং চালকের ঘুমিয়ে পড়ার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।
নিহতদের মধ্যে রয়েছেন বাসচালক সোহেল রানা, আনোয়ারুল হক, শহীদুল ইসলাম ও তার মেয়ে তাছফিয়া খাতুন, জুয়েল, সোহাগ শিকদার, আব্দুস সালাম মোল্লা, আব্দুস সামাদ ফকির, শাহীন আহমেদ, ট্রাকচালক আবু কালাম, রাসেল এবং হিমেশ জমাদার।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে নাটোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল হায়াতকে প্রধান করে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন জেলা প্রশাসক সুমনী আক্তার। এছাড়া জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় সংসদ-সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু নিহতদের পরিবারকে এক লাখ টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন। উল্লেখ্য, ২০১৪ সালের এই ২০ অক্টোবর তারিখেই বড়াইগ্রামে ভয়াবহ বাস দুর্ঘটনায় ৩৮ জন নিহত হয়েছিলেন।

