নারায়ণগঞ্জের চাষাঢ়া এলাকায় মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটেছে। শনিবার (১৫ আগস্ট) দুপুর সোয়া ৩টার দিকে ফতুল্লা থানাধীন তোলারাম কলেজ এলাকার আরবান স্কুলের সামনে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। আহতরা হলেন ফতুল্লা মডেল থানার এসআই রফিক, এসআই নন্দন চন্দ্র সরকার এবং কনস্টেবল রাশিদুল।
পুলিশ সূত্রে জানা যায়, আরবান স্কুলের সামনে মাদক ব্যবসায়ীদের অবস্থানের গোপন সংবাদ পেয়ে ফতুল্লা থানা পুলিশের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। ওই সময় জসিম, মোহনসহ ৭-৮ জন মাদক কারবারিকে গ্রেপ্তারের চেষ্টা করা হলে তারা পুলিশের ওপর হামলার চেষ্টা চালায়। একপর্যায়ে মাদক ব্যবসায়ীরা পুলিশের সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়লে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
আত্মরক্ষার্থে পুলিশ সদস্যরাও পাল্টা গুলি চালায়। পুলিশের ছোড়া গুলিতে মাদক কারবারি জসিম আহত হয়। পরবর্তীতে পুলিশ তাকে এবং তার সহযোগী মোহনকে বিদেশি পিস্তল ও ম্যাগজিনসহ গ্রেপ্তার করে। গুলিবিদ্ধ জসিমকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত জসিম ফতুল্লা থানার ইসদাইর এলাকার রেজ্জাকের ছেলে এবং মোহন একই এলাকার আব্দুস সালামের ছেলে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম জানান, আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে। নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, পুলিশের অভিযানের সময় মাদক ব্যবসায়ীদের পক্ষ থেকে গুলি ছোড়া হলে আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালায়। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।
গ্রেপ্তারকৃত আসামিরা হলো- ফতুল্লা থানার ইসদাইর এলাকার রেজ্জাকের ছেলে জসিম (২৪) ও একই এলাকার আব্দুস সালামের ছেলে মোহন (২৩)।

