নালিতাবাড়ীতে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

শেরপুরের নালিতাবাড়ীতে ‘সবুজে সাজাই বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে মঙ্গলবার দুপুরে উপজেলার দুটি শিক্ষা প্রতিষ্ঠানে এই কর্মসূচি পালন করা হয়।

কাকরকান্দি ইউনিয়নের শহীদ মুক্তিযোদ্ধা কলেজ ও বরুয়াজানি হাসান উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এই কর্মসূচির উদ্বোধন করেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল মালেক। মঙ্গলবার বেলা ২টার দিকে এই কার্যক্রমের সূচনা করা হয়। স্কুল ও কলেজ প্রাঙ্গণে ২০টি গাছের চারা রোপণের পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে ফলদ, বনজ ও ওষুধি প্রজাতির আড়াই শতাধিক চারা বিতরণ করা হয়। চারা বিতরণের আগে শিক্ষার্থীদের গাছ রোপণ ও সঠিক পরিচর্যার বিষয়ে সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবু সায়েম, শহীদ মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ মো. সেকান্দর আলী, বরুয়াজানি হাসান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাসমত আলী এবং আদিবাসী নেত্রী কেয়া নকরেক। এছাড়া শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাবের সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক কবি জ্যোতি পোদ্দার, সমন্বয়ক হাকিম বাবুল ও উপদেষ্টা শহীদুজ্জামান শহীদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাবের সমন্বয়ক হাকিম বাবুল জানান, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং চ্যানেল আইয়ের সহায়তায় প্রতি বছরের মতো এবারও দেশব্যাপী এই বৃক্ষরোপণ অভিযান চালানো হচ্ছে। সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা, সংগঠন ও সুহৃদদের সহযোগিতায় চলতি বছর শেরপুর জেলায় মোট ২৬ হাজার গাছের চারা রোপণ ও বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।